হাড়হিম করা দৃশ্য কলকাতায়! এফসিআই গোডাউনের কাছে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

গার্ডেনরিচ এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শহরবাসী। অ্যাসবেটার মোড়ের কাছে এফসিআই (FCI) গোডাউন সংলগ্ন একটি বিশাল পার্কিং লটে এই বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পার্কিংয়ে থাকা একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, এলাকায় তৈরি হয় তীব্র আতঙ্ক।
অপারেশন ও উদ্ধারকার্য: স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে দমকলে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একে একে ১০ থেকে ১২টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। গার্ডেনরিচ ও কলকাতা ওয়েস্ট পোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। ৮০ নম্বর ওয়ার্ডের এই দুর্ঘটনায় প্রাণহানির কোনো খবর মেলেনি, তবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
তদন্তের গতিপ্রকৃতি: কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণ— তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। পার্কিং লটে কোনো দাহ্য পদার্থ মজুত ছিল কি না, তাও তদন্তের আওতার রাখা হয়েছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ‘পকেট ফায়ার’ পকেট ফায়ার নেভানোর কাজ জারি রেখেছেন দমকল কর্মীরা।