কলকাতার আকাশে দুর্যোগ, মাঝআকাশে চক্কর কাটছে মমতার বিমান! চরম উৎকণ্ঠায় প্রশাসন!

ভোটের প্রচার সেরে ফেরার পথে চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে অণ্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেও, শহরের আবহাওয়া আচমকা খারাপ হওয়ায় অবতরণে বড়সড় বিপত্তি দেখা দিয়েছে। প্রবল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রীর বিমান কলকাতার আকাশে চক্কর কাটছে।
কখন নামার কথা ছিল? সূত্রের খবর, উত্তরবঙ্গ সফর সেরে দক্ষিণবঙ্গে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এদিন পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা শেষ করে বিকেল ৩টা ৫৫ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঠিক সেই সময়েই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং ঝোড়ো হাওয়ার কারণে এটিসি (ATC) অবতরণের সবুজ সংকেত দিতে দেরি করে।
এটিসি ও পাইলটের মধ্যে সমন্বয়: বিমাবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হলেও বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার দাপট সামান্য কমেছে। তবে যতক্ষণ না পাইলট নিরাপদ মনে করছেন এবং রানওয়ে পরিষ্কার দেখছেন, ততক্ষণ অবতরণ সম্ভব নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, আকাশেই অপেক্ষা করছে মুখ্যমন্ত্রীর বিমান। এই ঘটনায় প্রশাসনিক স্তরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রচার ময়দানে সুর চড়ালেন মমতা: এদিন বিপত্তিতে পড়ার আগে পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান মমতা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়ে তিনি ঘোষণা করেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তৃণমূল তাঁদের বিনা পয়সায় আইনজীবী দেবে।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের লকডাউন পরিকল্পনার অভিযোগ তুলে তিনি হুঙ্কার দেন, “যতই লকডাউন করো, মানুষের মুখে তালা লাগাতে পারবে না।”
বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন আধিকারিকরা। নেত্রীর নিরাপদ অবতরণ নিয়ে উদ্বিগ্ন ঘাসফুল শিবিরের কর্মীরাও।