নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিমের! ৩০ ও ৩১ মার্চ রাজ্যজুড়ে বাম প্রার্থীদের বড় আন্দোলনের ডাক!

বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি রণংদেহি মেজাজে ধরা দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এক অভূতপূর্ব আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী ৩০ ও ৩১ মার্চ রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছেন সেলিম, যেখানে বামফ্রন্টের সমস্ত প্রার্থী সশরীরে রাজপথে উপস্থিত থাকবেন।

কমিশনকে কড়া আক্রমণ: এদিন মহম্মদ সেলিম অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে স্বাধীন সত্তা হারিয়ে আরএসএস (RSS) এবং বিজেপির ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী কাজ করছে। ভোটার তালিকা প্রস্তুত করা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “নির্বাচন কমিশন ভোটার তালিকা ঘেঁটে ঘ করে ফেলেছে। যে ইসিআই বিজেপির প্রতীক লাগিয়ে নোটিশ পাঠায়, সেটা গণতন্ত্রের লজ্জা।” সেলিমের দাবি, মানুষের সার্বভৌমত্বের অধিকার এবং গণতান্ত্রিক কাঠামো বর্তমানে বিপন্ন।

এসআইআর (SIR) নিয়ে বিস্ফোরক: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর নিয়ে সরব হয়ে সেলিম বলেন, “এই এসআইআর নির্দিষ্ট ধর্ম এবং অঞ্চলকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বাংলার মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা ভোট দিতে পারবেন কি না।” তাঁর মতে, বিচারব্যবস্থা ও সাংবিধানিক সংস্থাগুলিকে ব্যবহার করে মানুষের ন্যায়ের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

রাজ্য বিধানসভার ব্যর্থতা: পশ্চিমবঙ্গ বিধানসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সেলিম আক্ষেপ প্রকাশ করেন যে, ভোটাধিকার রক্ষার স্বার্থে রাজ্যে কোনো সর্বদলীয় বৈঠক করা হয়নি। অন্য রাজ্য সফল হলেও পশ্চিমবঙ্গ এক্ষেত্রে ব্যর্থ বলে তিনি দাবি করেন। ৩০ ও ৩১ মার্চের এই দু’দিনের বিক্ষোভ কেবল প্রতীকী নয়, বরং সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার এক বৃহত্তর লড়াই বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের মুখে বামেদের এই কর্মসূচি শাসক ও বিরোধী শিবিরের সমীকরণ বদলে দিতে পারে কি না, এখন সেটাই দেখার।

Samrat Das
  • Samrat Das