ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ! নির্বাচন কমিশনের কোপে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক

নির্বাচনের কাজে কোনওভাবেই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে না—জাতীয় নির্বাচন কমিশনের এই স্পষ্ট নির্দেশিকা অমান্য করার অভিযোগে অপসারিত হলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। বুধবার রাতে কমিশনের তরফে এই শাস্তিমূলক বদলির নির্দেশ জারি করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: বুধবার দুপুরেই কমিশনের তরফে রাজ্যের সব জেলাশাসককে কড়া বার্তা দেওয়া হয়েছিল যে, নির্বাচনের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মীদের রাখা যাবে না। কিন্তু অভিযোগ ওঠে, পূর্ব মেদিনীপুর জেলায় এই নির্দেশিকা লঙ্ন করে অস্থায়ী কর্মীদের ভোটের ডিউটিতে লাগানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে এই সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠানোর পরই কমিশন কঠোর ব্যবস্থা নেয়।
তদন্তের নির্দেশ: শুধুমাত্র বদলিই নয়, সংশ্লিষ্ট জেলাশাসকের বিরুদ্ধে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে আরামবাগ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ভোটের ডিউটিতে পাঠানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার জেলাশাসকের অপসারণে স্পষ্ট যে, ভোট প্রক্রিয়ায় কোনও ধরণের আপস করতে নারাজ কমিশন।