IPL-শুরুর ৪৮ ঘণ্টা আগে হর্ষিতের বিকল্প ঘোষণা করল ককর, সুযোগ পেলেন কে?

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। ঠিক তার আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কবলে পড়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম পেস অস্ত্র হর্ষিত রানা। আর তাঁর পরিবর্ত হিসেবে নাইট বাহিনীতে যোগ দিচ্ছেন অভিজ্ঞ পেসার নবদীপ সাইনি

নিলামে পাননি দল, এবার ত্রাতা সাইনি! এবারের মিনি নিলামে নবদীপ সাইনিকে নিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসেও তিনি ছিলেন অবিক্রিত। কিন্তু হর্ষিত রানার দুর্ভাগ্যই শেষ পর্যন্ত সাইনির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াল। ২০১৯ সালে আরসিবি-র হয়ে আইপিএল অভিষেক হওয়া এই বোলারের ঝুলিতে রয়েছে ২৩টি উইকেট। ১৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে টানা বল করার ক্ষমতা রাখা সাইনিই এখন নাইটদের পেস অ্যাটাকের অন্যতম ভরসা।

ক্র্যাচ হাতে হর্ষিত: স্বপ্নভঙ্গ তরুণ তুর্কির কেকেআর ম্যানেজমেন্ট আশা করেছিল হর্ষিত হয়ত টুর্নামেন্টের মাঝপথে সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু সম্প্রতি বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে ক্র্যাচ নিয়ে হাঁটতে দেখে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়। চিকিৎসকদের সবুজ সংকেত না মেলায় শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়েই দল সাজাতে বাধ্য হলেন কোচ ও মেন্টররা।

বিদেশি বোলারদের নিয়ে দুশ্চিন্তা ভারতীয় পেস বিভাগে বিকল্প খুঁজে পেলেও বিদেশি বোলারদের নিয়ে কপালে ভাঁজ শাহরুখের দলের।

  • মুজ়ারাবানি ফ্যাক্টর: মুস্তাফিজুর রহমানের বদলে আসা জিম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানি আইপিএলে একদমই নতুন। তিনি কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

  • পাথিরানা জট: শ্রীলঙ্কান পেসার মথিশা পাথিরানা এখনও শ্রীলঙ্কা বোর্ডের থেকে এনওসি (NOC) পাননি।

এর আগে আকাশ দীপের বদলি হিসেবে সৌরভ দুবেকে নেওয়া হয়েছে। সব মিলিয়ে বোলিং বিভাগকে চাঙ্গা করতে এখন সাইনির অভিজ্ঞতার ওপরই বাজি ধরছে নাইট ম্যানেজমেন্ট।