ভোটার লিস্টে নাম নেই? দুশ্চিন্তা ছাড়ুন, বিনামূল্যে উকিল দেবে মমতা সরকার! নকশালবাড়ি থেকে মেগা ঘোষণা

লোকসভা ভোটের মুখে ভোটার তালিকা এবং এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বুধবার উত্তরবঙ্গের নকশালবাড়িতে নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ ক্যাম্প এবং ‘বিনামূল্যে আইনজীবী’ দেওয়ার বড় ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।
লড়াই হবে আইনি পথে: মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানান, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নাগরিকদের আইনি লড়াইয়ে সাহায্য করবে রাজ্য সরকার। তিনি বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য আমরা ক্যাম্প করব। আপনাদের শুধু দরখাস্ত করতে হবে, আমরা বিনা পয়সায় আইনজীবী দেব।” তিনি আরও দাবি করেন, ভেরিফিকেশনের আওতায় থাকা ২৭ লক্ষ ভোটারের মধ্যে প্রথম অতিরিক্ত তালিকায় প্রায় ৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু সেই তালিকা কেন এখনও সরকারি অফিসে ঝোলানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে তোপ: নির্বাচন কমিশনের ওয়েবসাইটের যান্ত্রিক গোলমাল বা হ্যাকিংয়ের অভিযোগ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বিস্ফোরক দাবি করে বলেন, “হঠাৎ করে ওয়েবসাইট থেকে নাম মুছে গেল! বলা হচ্ছে হ্যাকিং হয়েছে। এটা হ্যাকিং না কি বজ্জাতি, মানুষকে জানাতে হবে। এমনকি আমার নামও সন্দেহের তালিকায় চলে গিয়েছিল!” এই পরিস্থিতির মোকাবিলায় তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করার হুঁশিয়ারি দেন।
বুথ পাহারার ডাক: কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, “আমি বাহিনীকে সম্মান করি, কিন্তু বাঁকুড়ায় দেখেছি ওরা বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে। মা-বোনেরা তৈরি থাকুন। ভোটের দিন সকাল থেকে বুথ পাহারা দিন, যাতে দিল্লির লোক এসে ছাপ্পা দিতে না পারে। ভয় দেখালে ঘরে যা আছে তা নিয়ে বেরোবেন।” এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে তিনি আবারও সাফ জানান, তিনি বেঁচে থাকতে বাংলায় কোনও আটক কেন্দ্র হতে দেবেন না।