“গলায় দড়ি দিয়ে মরা উচিত!” ময়নাগুড়ির সভা থেকে বিজেপিকে নজিরবিহীন আক্রমণ মমতার

বঙ্গভোটের পারদ চড়ছে উত্তরবঙ্গে। বুধবার ময়নাগুড়ির জনসভা থেকে রণহুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় জেলায় সভা করছেন, ঠিক তখনই উত্তরবঙ্গের মাটি থেকে ভোটারদের স্পষ্ট বার্তা দিলেন মমতা— কেন তৃণমূলকে বেছে নেবেন আর কেন বিজেপিকে বর্জন করবেন।
কেন তৃণমূলকে ভোট দেবেন? জনসভা থেকে মমতা মনে করিয়ে দেন রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথা। তিনি বলেন, “চা বাগানের পাট্টা থেকে শুরু করে চা সুন্দরী প্রকল্প, মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার কিম্বা বিনাপয়সায় রেশন ও স্বাস্থ্যসাথী— মানুষের সব প্রয়োজনেই পাশে আছে তৃণমূল।” সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনাদের চিন্তা নেই। সরকার আপনাদের সম্পদ মনে করে। শস্যবিমার টাকা কৃষকদের দিতে হয় না, দেয় রাজ্য সরকার। ক্ষতির টাকা আপনারা পাবেনই।”
কেন বিজেপিকে বর্জন করবেন? বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনেন নোটবন্দি ও এনআরসি প্রসঙ্গ। তিনি প্রশ্ন তোলেন, “এতদিন এই মাটিতে বাস করার পর কেন আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আগে বিজেপি প্রমাণ করুক তারা এই দেশের নাগরিক কি না!” তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর পদবি বা ঠিকানা বদল হওয়ায় বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে সুকৌশলে বাদ দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির পতাকা হাতে ঘুরতে দেখা যাচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি। এনআরসি ও ডিটেনশন ক্যাম্প ইস্যুতে তাঁর হুঁশিয়ারি, “আমি বেঁচে থাকতে বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না।” পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন তিনি।