‘কাজে অনীহা থাকলে বলে দিন, অন্য লোক আছে’, বঙ্গ বিজেপির ‘প্রবাসী’ নেতাদের কড়া হুঁশিয়ারি দিল্লির

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে দু’দিনের বঙ্গ সফরে এসে দলের ‘প্রবাসী’ বা ভিনরাজ্যের নেতাদের ওপর চরম ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা নিতিন নবীন। বুধবার কলকাতার বৈঠকে জেলা দায়িত্বপ্রাপ্ত নেতাদের কার্যত তুলোধোনা করেন তিনি। সূত্রের খবর, নির্বাচনের প্রচার, জনসংযোগ এবং বুথ ম্যানেজমেন্টে ভিনরাজ্যের নেতাদের ভূমিকায় দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব একেবারেই সন্তুষ্ট নয়।

এদিন বৈঠকে জেলা ইনচার্জদের উদ্দেশে নিতিন নবীন সাফ জানিয়ে দেন, “এটা কোনো অফিসিয়াল ডিউটি নয় যে আপনারা ঘড়ি ধরে কাজ করবেন আর চলে যাবেন। শুধু আসা আর ঘুরে বেড়ানো চলবে না। কর্মীদের পাশে থেকে কাজ করতে হবে। যদি কাজ করতে অপছন্দ হয়, তবে সরাসরি বলে দিন, অন্য লোক দেখে নেওয়া হবে।” দিল্লির এই কড়া বার্তার পর বঙ্গ বিজেপির অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কলকাতা থেকে উত্তরবঙ্গ—একাধিক জেলায় ‘বহিরাগত বনাম ভূমিপুত্র’ বিতর্কে বিজেপি যখন জেরবার, ঠিক তখনই কেন্দ্রীয় নেতার এই হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ। দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে মহিলা মোর্চাকে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ তৈরি করতে। পুরনো কর্মীদের অবহেলা এবং দলবদলুদের প্রাধান্য দেওয়া নিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা সামাল দেওয়াই এখন পদ্ম শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ।