TMC-র ভোট কাটতেই হুমায়ুনের সঙ্গে? বাংলায় জোট নিয়ে যা বললেন ওয়েইসি

বাংলার বিধানসভা ভোটের ঠিক আগে বদলে গেল সমীকরণ। জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র (AJUP) সঙ্গে জোট বাঁধল আসাদউদ্দিন ওয়েইসির দল ‘মিম’ (AIMIM)। বুধবার কলকাতার এক বেসরকারি হোটেলে যৌথ সাংবাদিক বৈঠক করে এই মেগা জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন দুই নেতা।
‘দিদি তখন কোথায় ছিলেন?’ মমতাকে তীক্ষ্ণ বাণ
কলকাতায় পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন ওয়েইসি। তৃণমূলের ‘মুসলিম দরদী’ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “গুজরাত দাঙ্গার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিলেন? তিনি কি তখন বসে ধোকলা খাচ্ছিলেন? ঈদের নামাজ পড়লে কি মুসলিমদের পেটে খাবার জুটবে?” শুধু তাই নয়, মুসলিমদের নেতৃত্ব দেওয়ার বিষয়ে মমতার ‘অ্যারোগ্যান্স’ বা অহংকার নিয়েও সরব হন তিনি।
জোটের লক্ষ্য: নতুন মুসলিম নেতৃত্ব
ওয়েইসি স্পষ্ট করে দেন, এই জোট কেবল ভোটের জন্য নয়, বরং বাংলায় একটি শক্তিশালী মুসলিম নেতৃত্ব গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
আসন রফা: মিম ১টি বা ২টি আসনে লড়লেও হুমায়ুনের দলকে পূর্ণ সমর্থন দেবে।
বিশাল কর্মসূচি: ১ এপ্রিল বহরমপুর থেকে শুরু হবে প্রচার। রাজ্যজুড়ে মোট ২০টি মেগা র্যালি করবেন দুই নেতা।
অতিথি বক্তা: হায়দরাবাদ এবং বিহার থেকেও মিম-এর বড় নেতারা বাংলায় প্রচারে আসবেন।
‘ওয়েইসি আমার বড় ভাই’: হুমায়ুন কবীর
আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বড় ভাই’ সম্বোধন করে হুমায়ুন কবীর বলেন, “আমরা একসঙ্গে লড়ব এবং একসঙ্গে এগোব। এই জোট বাংলার রাজনীতিতে একটি শক্তিশালী শক্তি হিসেবে প্রমাণিত হবে।” মুর্শিদাবাদ, আসানসোল এবং কলকাতাকে পাখির চোখ করে এগোচ্ছে এই জোট, যা শাসক দল তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ চওড়া করছে।