“হুমায়ুন ভাইয়ের সঙ্গে একমত নই”-মমতাকে তুলোধনা আসাদউদ্দিনের, পাশে হুমায়ুন

বাংলার বিধানসভা নির্বাচনের পারদ চড়ল কয়েক গুণ। বুধবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করে বড় চমক দিলেন মিম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র সঙ্গে জোট বেঁধে বাংলায় লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা করলেন তিনি। তবে জোটের থেকেও বড় হয়ে উঠল ওয়েইসির আক্রমণাত্মক মেজাজ এবং মুখ্যমন্ত্রী পদের লড়াই নিয়ে তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য।

‘ডেপুটি সিএম নয়, লড়াই হবে মুখ্যমন্ত্রীর গদিতে’

মঞ্চে হুমায়ুন কবীরকে পাশে বসিয়েই ওয়েইসি স্পষ্ট করে দেন তাঁর লক্ষ্য। হুমায়ুন কবীর উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদের কথা বললেও তাতে দ্বিমত পোষণ করে ওয়েইসি বলেন, “আমি বড় ভাই হুমায়ুনের সঙ্গে একমত নই। উনি ডেপুটি সিএম বলছেন, কিন্তু আমি বলছি আমরা ইনশাআল্লাহ মুখ্যমন্ত্রী পদের জন্যই লড়াই করব। উপমুখ্যমন্ত্রী পদটি অনেকটা হাতের ছয় নম্বর আঙুলের মতো, যার কোনো প্রয়োজন নেই।”

মমতাকে তীব্র আক্রমণ: ‘আয়নায় নিজের মুখ দেখুন’

তৃণমূলের পক্ষ থেকে বারবার মিম-কে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করা হয়। এদিন তার কড়া জবাব দিয়েছেন আসাদউদ্দিন। পালটা প্রশ্ন তুলে তিনি বলেন, “আমরা বি-টিম নই, আমরা হলাম টিম এম (M)। মমতা বন্দ্যোপাধ্যায় যখন গুজরাত দাঙ্গার সময় তাঁদের সঙ্গে বসে ধোকলা খাচ্ছিলেন, বিলকিস বানোর ওপর অত্যাচারের সময় কাদের সঙ্গে ছিলেন? আয়নায় নিজের মুখ দেখুন, খুব খারাপ লাগবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ‘একটা কমিউনিটি’ মন্তব্যের প্রেক্ষিতেও তোপ দাগেন তিনি। ওয়েইসির কথায়, “মমতা যখন ছিলেন না, তখনও আল্লাহ ছিলেন। উনি যখন থাকবেন না, তখনও আল্লাহ থাকবেন। জনতা আপনাকে ক্ষমতা দিয়েছে বলে এত অহংকার? ভয় দেখাচ্ছেন? ইংরেজরা ২০০ বছর আমাদের মেরেছে, আমরা শেষ হইনি। কেউ খতম হবে না।”

নির্বাচনী স্ট্র্যাটেজি ও বাবরি মসজিদ প্রসঙ্গ

এদিনের বৈঠক থেকে ওয়েইসি জানান, পশ্চিমবঙ্গ নির্বাচনে মিম সরাসরি ১টি বা ২টি আসনে লড়াই করবে। তবে হুমায়ুন কবীরের দলকে তারা সবরকম ভাবে সমর্থন জোগাবে। আগামী দিনে দুই নেতা মিলে কলকাতায় একাধিক মেগা র‍্যালি করবেন বলেও জানানো হয়েছে।

পাশাপাশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাবরি মসজিদ নিয়েও আবেগঘন মন্তব্য করেন মিম প্রধান। তিনি বলেন, “প্রত্যেকটি মসজিদ মুসলমানদের কাছে পবিত্র, যেমন মন্দির হিন্দুদের কাছে বা গির্জা খ্রিস্টানদের কাছে। কোরানে বলা আছে, আল্লাহর ঘর তৈরি করা প্রত্যেক মুসলিমের পবিত্র কর্তব্য।”