পেট্রোল-ডিজেলের আকাল? জল্পনায় জল ঢেলে বড় ঘোষণা বিপিসিএল-এর! দুশ্চিন্তা ছাড়ুন

পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘের জেরে ভারতে জ্বালানি সংকটের যে আশঙ্কা দানা বেঁধেছিল, তাতে ইতি টানল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। মঙ্গলবার সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে পেট্রোল, ডিজেল, সিএনজি এবং রান্নার গ্যাসের (LPG) কোনও ঘাটতি নেই। সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে (Panic Buying) পাম্পে ভিড় না করার অনুরোধ জানিয়েছে এই ‘মহারত্ন’ সংস্থা।
পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ: বিপিসিএল-এর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের নেটওয়ার্ক জুড়ে জ্বালানি সরবরাহের ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। প্রতিটি ফুয়েল স্টেশন এবং এলপিজি ডিস্ট্রিবিউটরশিপে পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক, তাই অযথা উদ্বেগের কোনও কারণ নেই।” পশ্চিমবঙ্গ জুড়ে বিপিসিএল-এর সমস্ত ইউনিট গ্রাহকদের চাহিদা মেটাতে প্রস্তুত।
কেন এই আশ্বাস? বিপিসিএল ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল বিপণনকারী সংস্থা। মুম্বই, কোচি এবং বিনা-তে অবস্থিত শোধনাগারগুলোর সম্মিলিত পরিশোধন ক্ষমতা বছরে প্রায় ৩৫.৩ মিলিয়ন মেট্রিক টন। শুধু তাই নয়, ২৩,৫০০-এর বেশি ফুয়েল স্টেশন এবং ৬,২০০-এর বেশি এলপিজি ডিস্ট্রিবিউটরের বিশাল পরিকাঠামো এই সংস্থার শক্তির উৎস। সংস্থাটি ২০৪০ সালের মধ্যে ‘নেট জিরো’ নির্গমনের লক্ষ্যমাত্রাও নিয়েছে, যার ফলে শুধু জীবাশ্ম জ্বালানি নয়, ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিকাঠামোতেও তারা এখন অনেক এগিয়ে।
সংস্থার বার্তা— গুজব বা সোশ্যাল মিডিয়ার খবরে কান দিয়ে পেট্রোল পাম্পে হুড়োহুড়ি করবেন না। জ্বালানির সহজলভ্যতা নিয়ে বিপিসিএল তার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে।