সেনসেক্সের ১০০০ পয়েন্টের মহাপ্লাবন! ট্রাম্পের এক সিদ্ধান্তে লগ্নিকারীদের পকেটে লক্ষ্মীলাভ!

গত কয়েকদিনের রক্তক্ষরণ থামিয়ে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে ফিরল বসন্ত। সেনসেক্স এক ধাক্কায় ১০২০ পয়েন্ট বেড়ে ৭৩,৭৬২-এর ঘরে পৌঁছাল। অন্যদিকে নিফটি ৩২৯ পয়েন্টের লাফ দিয়ে ২২,৮৪২-এর স্তরে ট্রেড করছে। মূলত পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ কিছুটা কাটতেই লগ্নিকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে।
বাজার কেন আজ চনমনে? ৩টি মূল কারণ: ১. ট্রাম্পের সিদ্ধান্ত: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ গ্রিডে বোমা হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিতেই বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। তেলের সরবরাহ বন্ধ হওয়ার যে আতঙ্ক ছিল, তা আপাতত প্রশমিত। ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমেছে। ২. রুপির দর বৃদ্ধি: ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত আসতেই ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম বেড়েছে। ৯৩.৯৭ থেকে রুপি ঘুরে দাঁড়িয়ে ৯৩.৬৪-এ পৌঁছেছে, যা আমদানিকারীদের জন্য বড় স্বস্তি। ৩. ভীতি সূচক বা VIX-এর পতন: বাজারের অস্থিরতা মাপার সূচক ‘India VIX’ এক ধাক্কায় ৪ শতাংশের বেশি কমে ২৫.৬০ স্তরে নেমেছে। এর অর্থ হলো, লগ্নিকারীদের মধ্যে অনিশ্চয়তা বা ভয় কমেছে, যা কেনাকাটার হিড়িক বাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিফটি ২২,৬৮০-এর উপরে স্থির থাকলে এই ঊর্ধ্বগতি বজায় থাকতে পারে। তবে ভূ-রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি কাটেনি, তাই বড় বিনিয়োগের আগে সর্তক থাকা জরুরি।