ভর্তুকি পেতে e-KYC বাধ্যতামূলক! ১৫টির বেশি সিলিন্ডার নয়, ইরান-ইজরায়েল যুদ্ধের কোপ হেঁশেলে!

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব এবার সরাসরি ভারতের সাধারণ মানুষের হেঁশেলে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখতে বুকিং প্রক্রিয়ায় বড়সড় বদল আনল কেন্দ্র। ভারত পেট্রোলিয়াম (BPCL)-সহ সমস্ত গ্যাস সংস্থাগুলির জন্য জারি হয়েছে নতুন নির্দেশিকা। এবার থেকে চাইলেই যখন খুশি সিলিন্ডার বুক করা যাবে না।

বুকিং ও ভর্তুকির নতুন সমীকরণ:

  • মাসে সর্বোচ্চ সীমা: একজন গ্রাহক মাসে সর্বোচ্চ ২টি সিলিন্ডার বুক করতে পারবেন। এর বেশি বুকিংয়ের চেষ্টা করলে সিস্টেম তা ব্লক করে দেবে।

  • বছরে ভর্তুকি: ১ এপ্রিল থেকে ৩১ মার্চ—এই আর্থিক বছরে মোট ১২টি সিলিন্ডারে ভর্তুকি মিলবে। বছরে সর্বোচ্চ ১৫টি সিলিন্ডার নেওয়া যাবে, তবে ১৩তম সিলিন্ডার থেকে আর কোনও ভর্তুকি পাওয়া যাবে না।

  • ২৫ দিনের নিয়ম: আগে সিলিন্ডার নেওয়ার ২১ দিন পর দ্বিতীয়টি বুক করা যেত, এখন সেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। অর্থাৎ একবার গ্যাস ডেলিভারি হওয়ার পর পরবর্তী বুকিংয়ের জন্য অন্তত ২৫ দিন অপেক্ষা বাধ্যতামূলক।

অতিরিক্ত সিলিন্ডার পেতে লাগবে ‘ইন্টারভিউ’: যদি আপনার বাৎসরিক ১২টি সিলিন্ডারের কোটা শেষ হয়ে যায় এবং অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হয়, তবে ‘Hello BPCL’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে আপনাকে জানাতে হবে বাড়িতে কোনও বিয়ে বা অনুষ্ঠান আছে কি না এবং কতজন অতিথি আসবে। আপনার উত্তরের ওপর ভিত্তি করেই পরবর্তী সিলিন্ডার দেওয়া হবে।

ডেলিভারিতে ওটিপি ও e-KYC বাধ্যতামূলক: জালিয়াতি রুখতে এখন থেকে সিলিন্ডার নেওয়ার সময় রেজিস্টার্ড মোবাইলে আসা DAC (Delivery Authentication Code) বা ওটিপি ডেলিভারি বয়কে দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, সমস্ত গ্রাহকের জন্য e-KYC আপডেট করা আবশ্যিক করেছে সরকার। যাদের কেওয়াইসি আপডেট নেই, তাঁদের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই এখন বুকিং করা সম্ভব হবে।