একদিনেই ৫২০০ টাকার লাফ! কলকাতায় সোনার দাম আকাশছোঁয়া, রুপো বাড়ল ১৪ হাজার!

একদিনের সাময়িক স্বস্তির পর ফের সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে কলকাতায় রেকর্ড বাড়ল সোনা ও রুপোর দাম। মঙ্গলবার, ২৪ মার্চ তিলোত্তমার বাজারে হলুদ ধাতুর দাম যে হারে বেড়েছে, তা গত কয়েক বছরের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৫০০০ টাকারও বেশি। একই সঙ্গে রুপোর দামেও লেগেছে আগুনের ছোঁয়া।
কলকাতার বর্তমান বাজার দর (১০ গ্রাম):
-
২৪ ক্যারাট সোনার বার: ১,৪০,৮০০ টাকা (আগের দিন ছিল ১,৩৫,৬৫০ টাকা)।
-
২৪ ক্যারাট খুচরো সোনা: ১,৪১,৫০০ টাকা (বেড়েছে ৫,২০০ টাকা)।
-
২২ ক্যারাট হলমার্ক সোনা: ১,৩৪,৫০০ টাকা (বেড়েছে ৪,৯৫০ টাকা)।
-
রুপো (প্রতি কেজি): ২,২৬,৪০০ টাকা (একদিনে বেড়েছে ১৪,৬৫০ টাকা)।
কেন এই অস্বাভাবিক বৃদ্ধি? বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ডলারের বিপরীতে টাকার ক্রমাগত দুর্বলতাই এই অগ্নিমূল্যের প্রধান কারণ। এছাড়া শেয়ার বাজারে অনিশ্চয়তা দেখা দিলে বিনিয়োগকারীরা সোনা ও রুপোকে সবথেকে নিরাপদ সম্পদ হিসেবে বেছে নেন। ফলে চাহিদা একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় দামেও তার প্রতিফলন ঘটেছে।
ক্রেতাদের কপালে দুশ্চিন্তা সামনেই বিয়ের মরসুম, তার আগে গয়নার সোনার এই আকাশছোঁয়া দাম সাধারণ ক্রেতাদের রীতিমতো দিশেহারা করে তুলেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, দাম বাড়লে সাধারণত চাহিদা কমে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের তাগিদে অনেকেই সোনা কিনছেন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলে এখনই ধাপে ধাপে কেনা যেতে পারে, তবে স্বল্পমেয়াদি লাভের আশায় এই অস্থির বাজারে বড় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে।