LPG-বোঝাই আরও দুটি জাহাজ এলো ভারতে, জেনেনিন ক’টি গ্যাস সিলিন্ডার ভরা যাবে?

যুদ্ধবিধ্বস্ত পশ্চিম এশিয়ার সংকটের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারত। হরমুজ প্রণালীর বিপজ্জনক জলপথ পেরিয়ে আগামী ৪৮ থেকে ৬০ ঘণ্টার মধ্যে ভারতে পৌঁছাতে চলেছে এলপিজি (LPG) বোঝাই দুটি বিশাল ভারতীয় ট্যাঙ্কার— ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’। মাঝসমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজের কড়া পাহারায় এই ট্যাঙ্কার দুটি বর্তমানে ভারতের বন্দরের দিকে এগিয়ে আসছে।

কতটা গ্যাস আসছে ভারতে? ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রকের হিসেব অনুযায়ী, এই দুটি জাহাজ আসায় দেশে রান্নার গ্যাসের জোগান এক ধাক্কায় অনেকটাই বাড়বে:

  • পাইন গ্যাস: এই জাহাজে রয়েছে ৪৫,০০০ টন এলপিজি। যা দিয়ে প্রায় ৩১ লক্ষ ৩ হাজার গার্হস্থ্য সিলিন্ডার ভরা সম্ভব। এটি ২৭ মার্চের মধ্যে নিউ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে।

  • জগ বসন্ত: ৪৬,০০০ টন এলপিজি নিয়ে এটি ২৬ মার্চের মধ্যে পোর্ট কান্দলায় নোঙর করবে। এই পরিমাণ গ্যাস দিয়ে প্রায় ৩১ লক্ষ ৭০ হাজার সিলিন্ডার ভর্তি করা যাবে।

সব মিলিয়ে এই দুই ট্যাঙ্কার থেকে প্রায় ৬২ থেকে ৬৩ লক্ষ সিলিন্ডার গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বর্তমান সংকট মেটাতে বড় ভূমিকা নেবে।

সুরক্ষায় মোতায়েন ভারতীয় নৌবাহিনী: বর্তমানে হরমুজ প্রণালী ও তার আশেপাশে ৫৪০ জন ভারতীয় নাগরিকসহ প্রায় ২০টি ভারতীয় জাহাজ অবস্থান করছে। ড্রোন বা মিসাইল হামলার আশঙ্কার কথা মাথায় রেখে ‘ভারতীয় যুদ্ধজাহাজ-৩’ এই ট্যাঙ্কারগুলোকে এসকর্ট করে নিয়ে আসছে।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি: সরকারের দাবি, দেশে এলপিজি সরবরাহ এখন অনেকটাই স্থিতিশীল। আতঙ্কে বুকিং (Panic Booking) করার প্রবণতা কমেছে এবং অনলাইন বুকিং ৮৪% থেকে বেড়ে ৯৩% হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ শোধনাগারগুলোতে এলপিজি উৎপাদন আগের তুলনায় প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক গ্যাসের সরবরাহও ধাপে ধাপে স্বাভাবিক করা হচ্ছে। গত ১৪ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ১৬,০০০ মেট্রিক টন বাণিজ্যিক এলপিজি সরবরাহ করা হয়েছে।

সরকার স্পষ্ট জানিয়েছে, রান্নার গ্যাসের জোগান নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই, সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প ‘প্ল্যান বি’ নিয়েও কাজ চলছে।