“ভারতের আতিথেয়তাকে অধিকার ভেবে ভুল করছেন!” আইপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের ধুয়ে দিলেন সানি গাভাসকার

আইপিএল ২০২৬ শুরু হতে হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগেই বিদেশি ক্রিকেটারদের আচরণ ও দায়বদ্ধতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকার। টুর্নামেন্ট শুরুর মুখে বারবার বিদেশি তারকাদের সরে দাঁড়ানোর প্রবণতা নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
গাভাসকারের তোপ: স্পোর্টস্টারে নিজের কলামে সানি লিখেছেন, ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিদেশি ক্রিকেটারদের পরিবারের সদস্যদের আসার খরচও বহন করেন। এটা ভারতের আতিথেয়তার অংশ। কিন্তু অনেক ক্রিকেটার এটাকে নিজেদের ‘অধিকার’ ভেবে সুযোগ নিচ্ছেন। তিনি বলেন, “কিছু ক্রিকেটার নানা অছিলায় শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করছেন, অথচ আগে থেকে কিছু জানান না। মালিকরা কঠোর না হলে শিরোপা জয়ের পরিকল্পনা ভেস্তে যাবে।”
বিপরীত সুর আকাশ চোপড়ার: তবে এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আকাশ চোপড়া। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন যেমন সন্তানের জন্মের কারণে শুরুতে থাকছেন না, সেই প্রসঙ্গ টেনে আকাশ বলেন, “কাউকে বিচার করা উচিত নয়। যদি কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি চায়, সেটা স্বাভাবিক।” উল্লেখ্য, গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের চোটের কারণেও অনেক তারকা এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।