সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই? ঘাবড়াবেন না! নাম ফেরাতে কী করবেন জেনে নিন

সোমবার বিকেলে রাজ্যজুড়ে প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, কয়েক লক্ষ নাম এই তালিকা থেকে বাদ যেতে পারে। যদি আপনার বা আপনার পরিচিত কারোর নাম এই তালিকায় না থাকে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আইনত নাম ফেরানোর সুযোগ এখনও রয়েছে।

নাম বাদ পড়লে আপনার করণীয়: নির্বাচন কমিশন জানিয়েছে, নাম বাদ পড়া ব্যক্তিদের জন্য রাজ্যে ১৯টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিদের নিয়ে গঠিত এই ট্রাইব্যুনালে আপনি আপিল বা আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি: আপনি দু’টি উপায়ে আপনার আপিল জমা দিতে পারেন: ১. অনলাইন: কমিশনের নির্দিষ্ট পোর্টাল বা ECINET-এর মাধ্যমে বাড়িতে বসেই আবেদন করা যাবে। ২. অফলাইন: সরাসরি ট্রাইব্যুনাল অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন জমা দেওয়া যাবে।

কীভাবে চেক করবেন? প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও (DEO) অফিসে এই তালিকা পাঠানো হবে। এছাড়া সাধারণ মানুষ ECINET পোর্টালে গিয়ে নিজের নাম বা এপিক নম্বর দিয়ে তালিকাটি দেখে নিতে পারবেন। সূত্রের খবর, প্রায় ২৮ লক্ষ নাম বাদ যাওয়ার জল্পনা থাকলেও, চূড়ান্ত সংখ্যাটি তালিকা প্রকাশের পরেই স্পষ্ট হবে।