ভোটের বাজারে ‘চপ শিল্প’ বনাম ‘রুটি বেলা’! আরামবাগ থেকে পুরশুড়া— অভিনব প্রচারে ঝড় তুলল তৃণমূল

২০২৬-এর বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রচারের ধরনও তত বদলাচ্ছে। মাইকের গর্জন আর বড় বড় সভার বদলে প্রার্থীরা এখন বেশি গুরুত্ব দিচ্ছেন সরাসরি জনসংযোগে। সোমবার এমনই দুই অভিনব ছবির সাক্ষী থাকল হুগলি জেলা।
আরামবাগের ‘চপ’ রাজনীতি: আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতা বাগ এদিন চপ ভেজে ভোট চাইলেন। আরামবাগ হাসপাতালের মোড়ে একটি চপের দোকানে ঢুকে সটান খুন্তি হাতে তুলে নেন তিনি। গরম তেলে চপ ভাজার সেই দৃশ্য দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের। প্রার্থীকে নিজের হাতে চপ তৈরি করতে দেখে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী-সমর্থকরাও। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি।
পুরশুড়ায় ‘রুটি’ বেললেন প্রার্থী: অন্যদিকে, পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজরাকে দেখা গেল একেবারে অন্য মেজাজে। পালপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার করার সময় তিনি দেখেন এক গৃহবধূ কাঠের উনুনে রুটি বেলছেন। গ্যাসের দাম বাড়ায় নাজেহাল সেই মহিলার কষ্ট দেখে নিজেই বেলন হাতে রুটি বেলতে বসে পড়েন প্রার্থী। পার্থবাবুর দাবি, “আগেও রুটি বানানোর অভিজ্ঞতা আছে, মানুষের একটু পাশে দাঁড়িয়ে হাত লাগালাম।”
প্রচার মানে এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, মানুষের ঘরের কাজে অংশ নিয়ে তাঁদের আপন করে নেওয়ার এই লড়াই এখন বাংলার ভোটের নতুন ট্রেন্ড।