৬ বছরের খরা কাটল কলকাতা বিশ্ববিদ্যালয়ে! ১,১০০ গবেষককে ডিগ্রি দিলেন নতুন আচার্য আরএন রবি

দীর্ঘ ছয় বছরের প্রতীক্ষার অবসান। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আয়োজিত হলো বর্ণাঢ্য সমাবর্তন উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ১,১০০ জন গবেষকের হাতে পিএইচডি (PhD) শংসাপত্র তুলে দিলেন নবনিযুক্ত রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি।
রাজ্যপালের ‘ভিশন ২০৪৭’: সমাবর্তন মঞ্চ থেকে আচার্য আরএন রবি আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার ডাক দেন। তাঁর বক্তৃতার মূল নির্যাস:
-
হারানো গৌরব পুনরুদ্ধার: ঊনবিংশ শতাব্দী থেকে ভারতের যে অবস্থান দুর্বল হয়েছিল, স্বাধীনতার শতবর্ষে সেই হারানো গরিমা ফিরিয়ে এনে ভারতকে ‘আত্মনির্ভর’ করতে হবে।
-
বাংলার মণীষী স্মরণ: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তাঁদের চিন্তাধারাই বিশ্বদরবারে ভারতের শক্তি।
-
প্রযুক্তির জয়গান: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে ছাত্রছাত্রীদের নিজেদের আপডেট রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সুস্থ শরীর ও মনের জন্য নিয়মিত যোগাভাস ও শরীরচর্চার ওপর জোর দেন আচার্য।
বিশেষ প্রাপ্তি: ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মোট ১,১০০ জন গবেষক এদিন তাঁদের ডিগ্রি হাতে পান। এছাড়াও ১ জনকে ডিএসসি এবং ২ জনকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দেন আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী, যিনি নতুন প্রজন্মের গবেষকদের সাহসের সঙ্গে প্রশ্ন করার ও মানবতার আলো ছড়ানোর আহ্বান জানান।