‘২০২৬-এ তৃণমূল নামক ভাইরাসের বিসর্জন!’ ভোটের আগে বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি শমীক

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াল বিজেপি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, এবারের লড়াই আসলে ‘মা-মাটি-মানুষ’ বনাম তৃণমূল কংগ্রেসের। তাঁর মতে, পশ্চিমবঙ্গের মানুষ এখন তৃণমূল নামক ‘ভাইরাস’ থেকে মুক্তি পেতে মরিয়া।
শমীকের নিশানায় নবান্ন:
-
প্রশাসনিক ব্যর্থতা: আরজি কর হাসপাতালে লিফট ছিঁড়ে প্রৌঢ়ের মৃত্যুর ঘটনা টেনে শমীক বলেন, “পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়েছে। জলে-স্থলে-অন্তরীক্ষে সর্বত্র শুধু ধ্বংসলীলা চালিয়েছে তৃণমূল।” কোন কোম্পানিকে লিফট বসানোর বরাত দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
-
ভোটার তালিকা নিয়ে হুঁশিয়ারি: ‘ফর্ম-৭’ এবং ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে শমীক বলেন, “বিডিও অফিস ভাঙচুর করে আমাদের কর্মীদের থেকে ফর্ম কেড়ে নেওয়া হয়েছে। এই সমস্যার সমাধান না হলে নির্বাচন করা যাবে না।”
-
রাঢ়বঙ্গ ও নন্দীগ্রাম প্রসঙ্গ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলি নিয়ে ক্ষোভ প্রকাশের জবাবে শমীক কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর কাজ আস্তে আস্তে কমে আসছে।” রাঢ়বঙ্গে তৃণমূলের ‘বিসর্জন’ নিশ্চিত দাবি করে তিনি মনে করিয়ে দেন যে, তৃণমূল নন্দীগ্রামে লিড দিতে পারেনি এবং ভবানীপুর নিয়েও তারা তটস্থ।