লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! শুক্রবার অমিত শাহের হাত ধরেই প্রকাশিত হচ্ছে বিজেপির মেগা ইস্তাহার

প্রার্থী তালিকা ঘোষণা এবং পরিবর্তন যাত্রার পর এবার বড় চমক দিতে চলেছে বিজেপি। আগামী ২৮ মার্চ, শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্পপত্র’ প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিনের রাজ্য সফরে এসে এই হাই-প্রোফাইল কর্মসূচির মাধ্যমেই তৃণমূলের জনপ্রিয় প্রকল্পগুলোকে চ্যালেঞ্জ জানাতে চলেছে গেরুয়া শিবির।
বিজেপির ‘সংকল্পপত্রে’ থাকতে পারে যে ৫ বড় প্রতিশ্রুতি: ১. সপ্তম বেতন কমিশন: ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। ২. নিয়োগের গ্যারান্টি: সরকারি শূন্যপদগুলিতে ৬ মাসের মধ্যে নিয়োগ এবং বিলুপ্ত হওয়া পদগুলি পুনরায় ফিরিয়ে আনার বড় ঘোষণা থাকতে পারে। ৩. অন্নপূর্ণা ভাণ্ডার: তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে বিজেপি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ আনার পরিকল্পনা করেছে, যেখানে ভাতার পরিমাণ বর্তমানের চেয়ে অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা। ৪. কেন্দ্রীয় প্রকল্প: আয়ুষ্মান ভারত-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে দ্রুত চালুর অঙ্গীকার থাকবে এই ইস্তাহারে। ৫. দুর্নীতিমুক্ত প্রশাসন: শিল্পায়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ওপর বিশেষ জোর দিচ্ছে পদ্ম শিবির।
জনগণের পরামর্শে ইস্তাহার: বিজেপি নেতৃত্বের দাবি, এই ইস্তাহার কোনো এসি ঘরে বসে তৈরি হয়নি। রাজ্যের প্রতিটি প্রান্তে ড্রপবক্স বসিয়ে সাধারণ মানুষের থেকে পাওয়া লক্ষ লক্ষ পরামর্শের ভিত্তিতে তৈরি হয়েছে এই ‘সংকল্পপত্র’। সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান তাপস রায় তৃণমূলের ইস্তাহারকে বিঁধে বলেন, “তৃণমূলের ইস্তাহার ভাঁওতা ছাড়া আর কিছু নয়, তারা পুরনো প্রতিশ্রুতিই বারবার দিচ্ছে।”