আমেরিকার জন্য ভারতের কৃষিক্ষেত্র খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী! ভাদোদরায় ‘আদিবাসী অধিকার’ সম্মেলনে বিস্ফোরক রাহুল

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা তোপ দাগলেন রাহুল গান্ধী। সোমবার গুজরাটের ভাদোদরায় ‘আদিবাসী অধিকার সংবিধান সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “১০০% নিয়ন্ত্রণে” রয়েছেন। মোদী সরকার আমেরিকার সঙ্গে আপোস করেছে বলেই প্রধানমন্ত্রী সংসদে বিতর্কে অংশ নিতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ রাহুলের।
রাহুল গান্ধীর প্রধান অভিযোগগুলি:
-
আমেরিকার প্রভাব: রাহুল বলেন, “প্রধানমন্ত্রী ২৫ মিনিট ভাষণ দিলেন, অথচ আমেরিকার বিরুদ্ধে একটা শব্দও খরচ করলেন না। কারণ তিনি পুরোপুরি ট্রাম্পের নিয়ন্ত্রণে।”
-
কৃষক স্বার্থ বিঘ্নিত: রাহুলের দাবি, একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের কৃষিক্ষেত্র আমেরিকার জন্য খুলে দিয়েছেন মোদী। তিনি সতর্ক করে বলেন, “আমেরিকার বিশাল খামারের উৎপাদিত পণ্য ভারতের বাজারে এলে আমাদের ছোট ছোট কৃষকরা শেষ হয়ে যাবেন।”
-
আদিবাসী বনাম বনবাসী: বিজেপি ও আরএসএস-এর ‘বনবাসী’ শব্দ ব্যবহারের তীব্র সমালোচনা করেন রাহুল। তাঁর মতে, ‘আদিবাসী’ মানে এই জল-জঙ্গল-জমিনের আসল মালিক। কিন্তু ‘বনবাসী’ শব্দ দিয়ে তাঁদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি।
রাহুল গান্ধীর কথায়, “নরেন্দ্র মোদী বিরসা মুণ্ডার মূর্তির সামনে হাতজোড় করেন ঠিকই, কিন্তু তাঁর আদর্শকেই আক্রমণ করেন। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া মানে সংবিধানের ওপর আক্রমণ।”