ট্রাম্পের এক ঘোষণাতেই বিশ্ববাজারে ম্যাজিক! তেলের দাম কমল ১০%, মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের ইতি?

গত ২৪ দিন ধরে জ্বলছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরান ও ইজরায়েলের মিসাইল হানা, অন্যদিকে আমেরিকার সরাসরি হস্তক্ষেপে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল জ্বালানি সংকটের কালো মেঘ। কিন্তু সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণায় এক নিমেষে বদলে গেল ছবিটা। ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলায় আপাতত ৫ দিনের ‘বিরতি’ ঘোষণা করেছে আমেরিকা। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ১০% কমে গিয়েছে।

ট্রাম্পের ‘ট্রুথ’ সোশ্যাল বার্তা ও সমঝোতার ইঙ্গিত: নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ হ্যান্ডলে’ ট্রাম্প দাবি করেছেন, গত দুই দিন ধরে ইরানের সঙ্গে অত্যন্ত সদর্থক আলোচনা চলছে। সেই আলোচনার প্রেক্ষিতেই আগামী ৫ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে না মার্কিন বাহিনী। এই সিদ্ধান্তকে যুদ্ধ শেষের প্রাথমিক ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

হরমুজ প্রণালী ও ২ মিলিয়ন ডলারের ‘টোল’: যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছিল ইরান। এমনকি ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, এই জলপথ দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজগুলোর কাছ থেকে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) করে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল তেহরান। ট্রাম্পের ডেডলাইনের শেষ দিনে এই সমঝোতার সুর বিশ্ব অর্থনীতিকে বড়সড় পতনের হাত থেকে রক্ষা করল বলে মনে করা হচ্ছে।