ভোটের আগে মাস্টারস্ট্রোক কমিশনের! দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ পাবে রাজনৈতিক দলগুলি

পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট। তার ঠিক এক মাস আগে রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। এবার থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলি নিজেদের প্রচারের জন্য দূরদর্শন ও আকাশবাণীকে (Doordarshan & AIR) বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবে।

বিনামূল্যে প্রচারের নিয়মাবলী: কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরির স্বীকৃত রাজনৈতিক দলগুলি এই সুবিধা পাবে।

  • সময়সীমা: প্রতিটি দল অন্তত ৪৫ মিনিট করে বিনামূল্যে সম্প্রচারের সময় পাবে। আগের নির্বাচনের ফলের ভিত্তিতে এই সময় আরও বাড়তে পারে।

  • শর্ত: প্রচারের স্ক্রিপ্ট আগেভাগে জমা দিতে হবে এবং কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে ভোটের ঠিক ২ দিন আগে পর্যন্ত এই সুযোগ থাকছে।

বুথে ভোটারদের জন্য বিশেষ সুবিধা: ভোটাররা যাতে কোনো অসুবিধা ছাড়াই ভোট দিতে পারেন, তার জন্য ২ লক্ষেরও বেশি বুথে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে:

  • পরিকাঠামো: প্রতিটি বুথে পানীয় জল, শৌচাগার, পর্যাপ্ত আলো এবং ছায়ার ব্যবস্থা রাখতে হবে। প্রতিবন্ধী ভোটারদের জন্য থাকবে বিশেষ র‍্যাম্প

  • সহায়তা কেন্দ্র: বুথের বাইরে প্রার্থীদের তথ্য সম্বলিত পোস্টার থাকবে। এছাড়া ভোটারদের সাহায্য করতে থাকবে ‘ভোটার সহায়তা কেন্দ্র’।

  • মোবাইল ব্যবহারে কড়াকড়ি: নিরাপত্তার স্বার্থে বুথের ১০০ মিটারের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে কড়া নিয়ম আনা হয়েছে। ভোটারদের ফোন সুইচ অফ বা সাইলেন্ট রাখতে হবে, প্রয়োজনে ফোন জমা রেখে ভোট দিতে হবে।