ক্যানিং পূর্বে প্রার্থী ‘তাজা নেতা’ আরাবুল! নন্দীগ্রাম থেকে ভাঙড়— ২৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল নৌশাদের ISF

আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল নৌশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)। সোমবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে মোট ২৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছেন নৌশাদ। আগে ৩৩টি আসনে লড়াইয়ের কথা বললেও, এদিন প্রথম দফায় ২৩ জনের নাম জানানো হয়েছে। বাকি প্রার্থীদের নাম ২৫ মার্চ ঘোষণা করা হবে।

সবথেকে বড় চমক আরাবুল ইসলাম: এদিন তালিকার সবথেকে বড় চমক ছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব কেন্দ্র। সেখানে আইএসএফ-এর টিকিটে লড়াই করবেন একসময়ের তৃণমূলের হেভিওয়েট ও ‘তাজা নেতা’ হিসেবে পরিচিত আরাবুল ইসলাম। এছাড়া দলের প্রধান মুখ নৌশাদ সিদ্দিকি লড়ছেন তাঁর নিজের কেন্দ্র ভাঙড় থেকেই।

এক নজরে উল্লেখযোগ্য কিছু প্রার্থী:

  • নন্দীগ্রাম: মৌলানা সবেমিরাজ খান

  • ক্যানিং পশ্চিম: অ্যাডভোকেট প্রবীর মণ্ডল

  • অশোকনগর: তাপস বন্দ্যোপাধ্যায়

  • বোলপুর: অধ্যাপক বাপি সোরেন

  • মধ্যমগ্রাম: প্রিয়াঙ্কা বর্মন

  • মুরারই: হযরত আলি

বামেদের সঙ্গে সমীকরণ: নৌশাদ সিদ্দিকি জানিয়েছেন, গত ৭ মাস ধরে বামেদের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বৃহত্তর স্বার্থে বেশ কিছু আসন তাঁরা বামেদের ছেড়ে দিয়েছেন। গত বিধানসভায় লড়া ৭টি আসনের পাশাপাশি এবার বাদুড়িয়াতেও বিশেষ নজর দিচ্ছে আইএসএফ। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার আমডাঙা ও মধ্যমগ্রামের মতো আসনেও প্রার্থী দিয়ে তৃণমূল ও বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে নৌশাদ ব্রিগেড।