ভোটের মুখে ম্যারাথন দৌড়! মঙ্গলবার থেকেই প্রচারে মমতা, উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠাসা কর্মসূচি

বাংলার ভোট ময়দানে এবার উত্তাপ চড়াতে নামছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ, মঙ্গলবার থেকে টানা আট দিন রাজ্যজুড়ে ম্যারাথন নির্বাচনী প্রচার শুরু করছেন তিনি। উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়ে এই প্রচারের ঢেউ আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত ২৩ ও ২৯ এপ্রিলের দুই দফার ভোটকে পাখির চোখ করেই ঘাসফুল শিবিরের এই রণকৌশল।

উত্তরবঙ্গ সফর (২৪-২৬ মার্চ):

  • ২৪ মার্চ: সফরের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী পৌঁছবেন জলপাইগুড়িতে। চালসার জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্চে স্থানীয় নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া বৈঠকে অংশ নেবেন তিনি। রাত্রীযাপন করবেন চালসাতেই।

  • ২৫ মার্চ: এদিন থেকেই শুরু হবে জনসভার পালা। ময়নাগুড়ি, শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতে পরপর জনসভা করবেন তৃণমূল নেত্রী।

দক্ষিণবঙ্গ সফর (২৬-৩১ মার্চ):

  • ২৬ মার্চ: উত্তরবঙ্গের পালা চুকিয়ে অন্ডাল হয়ে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে সভা করবেন তিনি।

  • ২৭ মার্চ: বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় প্রচার সারবেন।

  • ২৮ মার্চ: রানিগঞ্জ, পুরুলিয়ার রঘুনাথপুর এবং কাশীপুরে সভা।

  • ২৯ মার্চ: মানবাজার এবং রায়পুরে পরপর দুটি সভা রয়েছে তাঁর।

  • ৩০ মার্চ: পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম, ডেবরা এবং নারায়ণগড়ে প্রচার।

  • ৩১ মার্চ: চন্দ্রকোণা, গড়বেতা এবং বিষ্ণুপুরে সভার মাধ্যমে শেষ হবে চলতি মাসের প্রচার সূচি।

রাজনৈতিক মহলের মতে, ১ এপ্রিলের পর এপ্রিলের মূল ভোটের আগে প্রচারের তীব্রতা আরও বাড়ানো হবে। আপাতত ৩১ মার্চ পর্যন্ত এই ঠাসা কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘাসফুলের ঝাণ্ডা ওড়াতে তৈরি নেত্রী।