নিরাপত্তার অভাব না গাফিলতি? আরজি করের লিফটে যুবকের মৃত্যুতে হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী, চাইলেন সিসিটিভি ফুটেজ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার সিবিআই (CBI) তদন্তের দাবি উঠল। প্রশাসনিক গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। গত ১৯ মার্চ নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে ফের একবার বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

মামলার মূল দাবিগুলি: মামলাকারীর আইনজীবীর দাবি, আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আশ্বস্ত করেছিল যে ২০২৪-এর ৩১ অক্টোবরের মধ্যে হাসপাতালের সব পরিকাঠামোর কাজ শেষ হবে। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের দুর্ঘটনা প্রমাণ করে যে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে চরম গাফিলতি রয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে দায়ের হওয়া এই মামলায় দাবি করা হয়েছে:

  • ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই-কে দেওয়া হোক।

  • হাসপাতালের ওই দিনের সমস্ত সিসিটিভি ফুটেজ অবিলম্বে সংরক্ষণ করতে হবে।

  • মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

  • ন্যাশনাল টাস্ক ফোর্সের (NTF) সুপারিশগুলো দ্রুত কার্যকর করার নির্দেশ দিতে হবে আদালতকে।

পুলিশি তৎপরতা ও গ্রেফতারি: এদিকে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই কলকাতা পুলিশের ফরেনসিক দল আরজি করের ট্রমা কেয়ার বিভাগের লিফটের প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখেছে। শুক্রবার রাতেই এই ঘটনায় তিন জন লিফটম্যান এবং দুই জন নিরাপত্তা রক্ষীসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের এই পদক্ষেপের মাঝেই সোমবার ভোরে আরজি করের বাথরুমে পড়ে গিয়ে আরও এক প্রৌঢ়ের মৃত্যুর খবর আসায় আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে।