নিজের স্মার্টফোনেই দেখে নিন ভোটার লিস্টের আপডেট! নাম না থাকলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে রাখা হয়েছিল। আজ, সোমবার সন্ধ্যায় সেই তালিকার প্রথম দফার নিষ্পত্তি করে প্রায় ২৮ লক্ষ ভোটারের নাম নিয়ে ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ প্রকাশ করছে কমিশন। আপনার নাম এই নতুন তালিকায় আছে কি না, তা যাচাই করার পদ্ধতিগুলো নিচে দেওয়া হলো:
অনলাইনে দেখার দুটি সহজ উপায়:
-
পদ্ধতি ১ (অফিশিয়াল ওয়েবসাইট): প্রথমে voters.eci.gov.in পোর্টালে যান। সেখানে ‘West Bengal Elections 2026’ অপশনে ক্লিক করুন। এরপর ‘SIR Supplementary Roll’ সেকশনে গিয়ে নিজের জেলা, বিধানসভা এবং বুথের নাম বা নম্বর দিয়ে সার্চ করলেই পুরো তালিকার পিডিএফ (PDF) চলে আসবে। সেখানে নিজের নাম খুঁজে নিতে হবে।
মনে রাখবেন: যদি আপনার নামের ওপর ‘Deleted’ লেখা থাকে, তবে বুঝবেন নাম বাদ পড়েছে। আর যদি আগের মতোই ‘Under Adjudication’ লেখা থাকে, তবে বুঝবেন আপনার নথি এখনও যাচাই করা হয়নি।
-
পদ্ধতি ২ (মোবাইল অ্যাপ): আপনার ফোনে থাকা ‘ECI Net’ অ্যাপটি ব্যবহার করুন। এখানে সরাসরি নিজের EPIC (ভোটার কার্ড) নম্বর দিয়ে সার্চ করলেই আপনার বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। যদি ‘No Result Found’ দেখায়, তবে বুঝবেন আপনার নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সেক্ষেত্রে আপনি ‘অ্যাপিলেট ট্রাইব্যুনালে’ আপিল করতে পারবেন।
অফলাইন পদ্ধতি: অনলাইন ছাড়াও এই তালিকা প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিক (DEO) এবং বিএলও-দের (BLO) কাছে পৌঁছে দেওয়া হবে। স্থানীয় বুথেও এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে, যেখান থেকে সাধারণ মানুষ সহজেই নিজের নাম যাচাই করতে পারবেন।
কমিশনের জরুরি বৈঠক: এদিকে সোমবার বিকেলে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে একটি হাই-প্রোফাইল বৈঠক করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল-সহ সমস্ত জেলার ডিএম (DM) এবং এসপি (SP)-রা এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। নিরাপত্তা ব্যবস্থা এবং বুথের পরিকাঠামো নিয়ে এই বৈঠকে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে খবর।