“ভবানীপুরের অলিগলিতে মোদীর রোড শো!”-শুভেন্দুকে জেতাতে ‘মাস্টারস্ট্রোক’ বিজেপির?

২০২১-এ লড়াই ছিল নন্দীগ্রামে, আর ২০২৬-এ ব্যাটেলগ্রাউন্ড ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী— বাংলার রাজনীতির দুই মহারথীর এই মেগা ফাইটকে ঘিরে এখন টগবগ করে ফুটছে তিলোত্তমা। আর এই লড়াইয়ে বিজেপি প্রার্থীদের বাড়তি অক্সিজেন দিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রোড শো করতে চলেছেন বলে সূত্রের খবর।

রোড শো-র কেন্দ্রবিন্দুতে ভবানীপুর

বিজেপির নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী, এবার বাংলায় অন্তত দু’টি মেগা রোড শো করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণটি হতে চলেছে কলকাতায়। আগামী ২৯ এপ্রিল কলকাতায় ভোটগ্রহণ। তার ঠিক আগেই, অর্থাৎ ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে প্রচারের ঝড় তুলবেন মোদী।

সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর এই রোড শোটি হয় ভবানীপুর থেকে শুরু হবে অথবা এই কেন্দ্রেই শেষ হবে। যদিও এসপিজি (SPG) এবং প্রশাসনিক ছাড়পত্রের ওপর ভিত্তি করে চূড়ান্ত রুট ঠিক করা হবে, তবে ভবানীপুর যে এই কর্মসূচির ‘এপিসেন্টার’ হতে চলেছে, তা কার্যত নিশ্চিত।

নন্দীগ্রামের ছায়া ভবানীপুরে?

গত নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। এবার শুভেন্দু অধিকারী নিজেই মমতার খাসতালুক ভবানীপুরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইতিমধ্যেই এই কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছেন শুভেন্দু। পাল্টা তৃণমূলও ‘ঘরের মেয়ে’ আবেগকে হাতিয়ার করে ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সীদের ময়দানে নামিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতি ভবানীপুরের লড়াইকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিরাপত্তা ও নির্ঘণ্ট

কলকাতার ঘিঞ্জি রাস্তায় প্রধানমন্ত্রীর রোড শো আয়োজন করা নিরাপত্তার দিক থেকে বেশ চ্যালেঞ্জিং। তাই উত্তর থেকে দক্ষিণ—কোন রুটটি সবথেকে নিরাপদ এবং কার্যকরী হবে, তা নিয়ে দফায় দফায় বৈঠক করছেন বিজেপি নেতৃত্ব। ২৪ এপ্রিলের পর যেকোনো দিন কলকাতার রাজপথে দেখা যেতে পারে মোদী-ম্যাজিক।