‘উৎসব না কি উন্নয়ন, কোনটি জরুরি?’—চিংড়িঘাটা মেট্রো জটে রাজ্যকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের!

গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের (অরেঞ্জ লাইন) চিংড়িঘাটা জট কাটাতে রাজ্য সরকারের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ে কোনো ভুল নেই। উল্টে ট্রাফিক ব্লকের অনুমতি না দেওয়া এবং অসহযোগিতার জন্য রাজ্য ও পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করেছে আদালত।
আদালতের কড়া পর্যবেক্ষণ:
প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, “জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। রাজ্য নিজের সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করছে। কখনও উৎসব, কখনও পরীক্ষা আর এখন নির্বাচনের দোহাই দিয়ে উন্নয়ন আটকে রাখা হচ্ছে।” আদালত স্পষ্ট জানায়, নবান্ন যদি নিজে থেকে মামলা তুলে না নেয়, তবে আদালত তা খারিজ করে দেবে এবং হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই কাজ হবে।
কেন এই জট?
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত রুটের কাজ প্রায় শেষ হলেও চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ আটকে রয়েছে। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL) দীর্ঘদিন ধরে তিন দিনের ট্রাফিক ব্লকের দাবি জানালেও রাজ্য ‘এনওসি’ দেয়নি। ফলে থমকে আছে কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প। সর্বোচ্চ আদালতের এই কড়া বার্তার পর এবার চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরুর পথ প্রশস্ত হলো।