পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন তৎপরতা! সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল, কীভাবে হবে মূল্যায়ন?

পশ্চিম এশিয়ার দেশগুলিতে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল কয়েক হাজার সিবিএসই (CBSE) পড়ুয়ার ভবিষ্যৎ। একাধিকবার পরীক্ষা পিছনোর পর অবশেষে ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার এবং সৌদি আরবের মতো সাতটি দেশে দশম শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে পরীক্ষা বাতিল হলেও পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এবার বিস্তারিত নির্দেশিকা জারি করল সিবিএসই।

কীভাবে তৈরি হবে রেজাল্ট?
বোর্ড জানিয়েছে, গত ১৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যে পরীক্ষাগুলি নির্বিঘ্নে নেওয়া সম্ভব হয়েছিল, সেগুলিকে ভিত্তি করেই চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে। ১ মার্চ থেকে নির্ধারিত পরীক্ষাগুলি বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীদের মূলত পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে নম্বর দেওয়া হবে:

যাঁরা সব বিষয়ে পরীক্ষা দিয়েছেন: তাঁদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ফল প্রকাশ হবে।

যাঁরা ৪টি বিষয়ে পরীক্ষা দিয়েছেন: তাঁদের সেরা তিনটি বিষয়ের গড় নম্বর বাকি বিষয়গুলিতে যোগ করা হবে।

যাঁরা ৩টি বিষয়ে পরীক্ষা দিয়েছেন: তাঁদের ক্ষেত্রে সেরা দুটি বিষয়ের গড় নম্বর কার্যকর হবে।

যাঁরা মাত্র ২টি বিষয়ে পরীক্ষা দিয়েছেন: সেই দুটি পরীক্ষার গড় নম্বরই হবে মূল্যায়নের ভিত্তি।

ইন্টারনাল অ্যাসেসমেন্টে জোর:
বোর্ড স্পষ্ট করেছে যে, শুধুমাত্র লিখিত পরীক্ষা নয়, সারা বছর স্কুলে হওয়া ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বরকেও চূড়ান্ত ফলাফলে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেই এই দেশগুলির ফলাফল প্রকাশিত হবে। এছাড়া দশম শ্রেণীতে দু’বার পরীক্ষা দেওয়ার যে নিয়ম রয়েছে, তার সুবিধাও পাবেন এই পড়ুয়ারা। দ্বাদশ শ্রেণির মূল্যায়নের পদ্ধতিও খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড।