ভোটের মুখে ১০ লাখ নাম বাদ? আজই বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আশঙ্কায় কাঁপছে বাংলা

নির্বাচনের ঠিক মুখে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন অস্থিরতা। আজ সন্ধেবেলাই প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই অতিরিক্ত তালিকায় প্রায় ২৮ লক্ষ নতুন নাম যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও, একইসঙ্গে প্রায় ১০ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিপুল পরিমাণ নাম বাতিলের আশঙ্কায় রাজ্যজুড়ে চরম উদ্বেগ ছড়িয়েছে।
এই তালিকায় নাম বাদ যাওয়া বা অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হওয়া মানসিক চাপ এবার এক বিএলও-র (BLO) প্রাণ কেড়ে নিল। মালদহের চাঁচল এলাকার নদাপাড়া ৯৩ নম্বর বুথের বিএলও উৎপল থোকদার গতকাল গুরুতর অসুস্থ হয়ে মারা যান। পরিবারের অভিযোগ, তাঁর বুথের ১১০ জনের নাম বিবেচনাধীন তালিকায় থাকায় প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন তিনি। এসআইআর (SIR) সংক্রান্ত অত্যধিক কাজের চাপ সহ্য করতে না পেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। এই ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ধেবেলা তালিকা প্রকাশের পর প্রথমে তা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে যাবে এবং পরে প্রতিটি বুথে টাঙিয়ে দেওয়া হবে। অনলাইনেও এই তালিকা দেখা যাবে। আগামী শুক্রবার দ্বিতীয় তালিকা এবং তার পরবর্তী প্রতি শুক্রবার ধাপে ধাপে আরও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে, যাঁদের নাম অন্যায়ভাবে বাদ যাবে, তৃণমূল কংগ্রেস তাঁদের সবরকম আইনি সহায়তা প্রদান করবে।
এদিকে, তালিকা প্রকাশকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় সতর্ক পুলিশ-প্রশাসন। মালদহ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে পাঠানো হচ্ছে রাজ্য পুলিশের অতিরিক্ত বাহিনী। সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। আজ সকালেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সমস্ত পুলিশ সুপার ও কমিশনারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বিকেল ৩টেয় দিল্লির নির্বাচন কমিশনও জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসছে। রামনবমী এবং ভোট-পূর্ববর্তী পরিস্থিতিতে রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।