আইপিএল শুরুর আগেই নাইট শিবিরে বড় ধাক্কা! আকাশদীপের বিদায়, কে এই সৌরভ দুবে?

আইপিএলের দামামা বাজার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে চোটের কালো মেঘ। হর্ষিত রানাকে নিয়ে অনিশ্চয়তার মাঝেই পিঠের গুরুতর সমস্যায় পুরো মরশুম থেকে ছিটকে গেলেন বাংলার তারকা পেসার আকাশদীপ। নাইটদের পেস বোলিং বিভাগের এই বিশাল শূন্যস্থান পূরণে দেরি করেনি কেকেআর ম্যানেজমেন্ট। আকাশদীপের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বিদর্ভের ২৮ বছর বয়সি বাঁ-হাতি পেসার সৌরভ দুবেকে।
সৌরভ দুবে ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ হলেও আইপিএলের মূল মঞ্চে তাঁর অভিষেক এখনও হয়নি। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ২০ লক্ষ টাকায় দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০২৬-এর মিনি নিলামে ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থাকলেও কোনো দল তাঁকে কেনেনি। তবে আকাশদীপের চোটে ভাগ্যের চাকা ঘুরল এই পেসারের। ৮টি লিস্ট-এ ম্যাচে ১৬ উইকেট নেওয়া সৌরভকে নিয়ে নাইট শিবির আশাবাদী। কেকেআর সূত্রে খবর, পিটিআই-কে সৌরভের যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে সোমবারই কলকাতায় পা রাখছেন নাইটদের পুরনো কান্ডারি সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রোভম্যান পাওয়েল। বুধবারই প্রথম ম্যাচ খেলতে মুম্বই উড়ে যাবে দল। তার আগে ইডেনের নেটে বিধ্বংসী মেকআপে দেখা গেল কিউয়ি ব্যাটার ফিন অ্যালেন ও অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। তবে আকর্ষণের কেন্দ্রে ছিলেন আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ২৫.২০ কোটির অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বিশ্বকাপেও বল না করা গ্রিনকে এদিন ইডেনে পূর্ণ রান-আপে বল করতে দেখা গেছে, যা কোচ শেন ওয়াটসন ও অভিষেক নায়ারদের স্বস্তি দিচ্ছে। আকাশদীপ না থাকলেও উমরান মালিক, বৈভব আরোরা ও জিম্বাবোয়ের মুজারবানিদের নিয়ে বোলিং আক্রমণ সাজাতে মরিয়া নাইট থিঙ্কট্যাঙ্ক।