সেটে মেজাজ হারাতেন রণবীর সিং? ‘ধুরন্ধর ২’-এর নেপথ্যের বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এই সদস্য!

বক্স অফিসে রীতিমতো তণ্ডব চালাচ্ছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসা পার করে ছবি যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই সামনে এল শুটিং সেটের কিছু অজানা কাহিনী। ছবির প্রস্থেটিক্স আর্টিস্ট করণদীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে রণবীর সিং-এর কাজের ধরন ও শুটিং অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা নেটপাড়ায় এখন হট টপিক।

করণদীপ জানিয়েছেন, এই ছবিতে ‘হামজা’ এবং ‘জসকিরাত’—এই দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করা রণবীরের জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। চরিত্রের প্রয়োজনে ঘণ্টার পর ঘণ্টা ভারী প্রস্থেটিক্স মেকআপ নিয়ে বসে থাকতে হতো তাঁকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই শারীরিক ধকলের মধ্যেও তিনি কখনও ‘স্টার’সুলভ আচরণ করেননি। বরং শুটিং চলাকালীন রণবীর ছিলেন অত্যন্ত কড়া মাস্টারমশাইয়ের মতো। ইউনিটের কেউ অমনোযোগী হলেই উঁচু গলায় রণবীর চিৎকার করে বলতেন, “কাজের প্রতি পুরো মনোযোগ দাও। এখানে আমরা মজা করতে আসিনি! তোমরা জানো না আমরা ঠিক কী তৈরি করছি।”

শুটিং সেটে রণবীরের এই কড়া অনুশাসনই নাকি ছবির মান বজায় রাখতে সাহায্য করেছে। প্রচণ্ড গরম এবং ভারী কস্টিউমের মধ্যে রক্তাক্ত মেকআপ নিয়ে কাজ করা সত্ত্বেও রণবীর সবসময় পুরো ইউনিটকে তাতিয়ে রাখতেন। করণদীপের মতে, রণবীরের এই ডিসিপ্লিনই প্রমাণ করে দেয় যে কেন তিনি আজ সাফল্যের তুঙ্গে।

অন্যদিকে, ‘ধুরন্ধর ২’ নিয়ে দক্ষিণী সুপারস্টার ঋষভ শেট্টির মন্তব্যও বিশেষ নজর কেড়েছে। প্রথম পর্ব নিয়ে নীরব থাকলেও, দ্বিতীয় কিস্তির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এক্স-এ (টুইটার) ঋষভ লেখেন, “এটি শুধু সিক্যুয়েল নয়, বরং একটি স্টেটমেন্ট।” তিনি রণবীর সিং-এর পাশাপাশি সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের অভিনয়েরও প্রশংসা করেছেন। শুধু ঋষভ নন, রবি তেজা, জুনিয়র এনটিআর এবং মহেশ বাবুও রণবীরের পারফরম্যান্সকে ‘আগুন’ বলে আখ্যা দিয়েছেন। সমালোচকদের একাংশ চিত্রনাট্যের গতি নিয়ে প্রশ্ন তুললেও, বক্স অফিসের রেকর্ড বলছে অন্য কথা।