আমেরিকান মুদ্রায় ট্রাম্পের ২৪ ক্যারেট সোনার মুখ! ২৫০তম বার্ষিকীতে ঐতিহাসিক না কি বিতর্কিত সিদ্ধান্ত?

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপনকে ঘিরে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ট্রেজারি বিভাগ। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ২৪-ক্যারেট সোনার স্মারক মুদ্রা প্রকাশের পরিকল্পনা করা হয়েছে, যেখানে স্থান পেতে চলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। তবে এই ঘোষণার পর থেকেই মার্কিন রাজনৈতিক মহলে বইছে বিতর্কের ঝড়।
প্রস্তাবিত এই স্বর্ণমুদ্রার নকশাটি অত্যন্ত প্রতীকী। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের বিখ্যাত রেজোলিউট ডেস্কে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাঁর হাত মুষ্টিবদ্ধ—যা তাঁর লড়াকু ব্যক্তিত্বের পরিচয় দেয়। মার্কিন চারুকলা কমিশন (Commission of Fine Arts) গত ১৯ মার্চের বৈঠকে এই নকশাটি অনুমোদন করেছে। এখন কেবল চূড়ান্ত মাপ নির্ধারণ এবং কারিগরি কিছু কাজ বাকি, তারপরেই মুদ্রাটি টাঁকশালে যাবে।
মার্কিন ইতিহাসে এটি হবে দ্বিতীয় ঘটনা, যেখানে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় স্থান পাচ্ছে। এর আগে ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে তৎকালীন ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজের ছবি জর্জ ওয়াশিংটনের পাশে মুদ্রায় খোদাই করা হয়েছিল। ঠিক ১০০ বছর পর ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে ট্রাম্পের হাত ধরে।
মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ ফক্স বিজনেসকে দেওয়া এক বিবৃতিতে উৎসাহ প্রকাশ করে বলেন, “আমাদের ২৫০তম জন্মবার্ষিকীর প্রাক্কালে এমন একটি মুদ্রা প্রস্তুত করতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি আমাদের দেশ ও গণতন্ত্রের চিরস্থায়ী চেতনার প্রতিনিধিত্ব করবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের চেয়ে প্রতীকী আর কোনো অবয়ব এই মুদ্রার জন্য হতে পারে না।”
তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ডেমোক্র্যাট শিবির। ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি কড়া সমালোচনা করে বলেন, “রাজতন্ত্রী এবং স্বৈরশাসকরাই নিজেদের ছবি মুদ্রায় ছাপায়, গণতন্ত্রের নেতারা নন। এই পদক্ষেপ আমেরিকান মূল্যবোধের পরিপন্থী।” ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্পের ছবি ব্যবহার করা রাজনৈতিক পক্ষপাতিত্বের শামিল।
উল্লেখ্য, এই স্বর্ণমুদ্রাটি মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রেজারি বিভাগ কর্তৃক পরিকল্পিত একটি বৃহত্তর বিশেষ মুদ্রা ও পদক সেটের অংশ। মার্কিন টাঁকশাল আরও জানিয়েছে যে, ২০২৬ সালে ডাইম, কোয়ার্টার এবং হাফ ডলারের মতো সাধারণ মুদ্রাগুলিতেও বিশেষ নকশা পরিবর্তন আনা হবে। এই সংগ্রহযোগ্য মুদ্রাগুলিতে “১৭৭৬-২০২৬” দ্বৈত তারিখ এবং লিবার্টি বেলের বিশেষ চিহ্ন থাকবে, যা শুধুমাত্র এক বছরের জন্যই প্রচলিত থাকবে।