ব্ল্যাক মানডে! যুদ্ধের কোপে ৭ লক্ষ কোটি সাফ, ১ মিনিটে রক্তাত্ব দলাল স্ট্রিট

মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহান শিখা এবার গ্রাস করল ভারতীয় শেয়ার বাজারকে। ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা সংঘাতের জেরে সপ্তাহের প্রথম দিনেই হাহাকার দলাল স্ট্রিটে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেনসেক্স (Sensex) ও নিফটি ৫০ (Nifty 50)। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লগ্নিকারীদের পকেট থেকে উধাও হয়ে গেল ৭.৩৩ ট্রিলিয়ন বা ৭ লক্ষ কোটিরও বেশি টাকা।
সকাল ৯টা ১৭ মিনিটে সেনসেক্স ১৪৫২.৬১ পয়েন্ট পড়ে গিয়ে ৭৩,০৮০.৩৫ অঙ্কে দাঁড়ায়। অন্যদিকে নিফটিও ৪১২.৪০ পয়েন্ট খুইয়ে নেমে আসে ২২,৭০২.১০-তে। বাজারের এই ভয়াবহ পতনের মাঝে একমাত্র ব্যতিক্রম ওএনজিসি (ONGC), যা তেলের দাম বাড়ার কারণে লাভের মুখ দেখছে। উল্টোদিকে এইচডিএফসি ব্যাংক (৩.৪৩%), আইসিআইসিআই (১.৫%) এবং টাইটানের (২.৫৩%) মতো বড় শেয়ারগুলো ব্যাপক পতনের মুখে। এমনকি মারুতি সুজুকি, আদানি পোর্টস এবং টিসিএস-এর মতো তথাকথিত ‘নিরাপদ’ শেয়ারগুলোতেও এদিন লাল সংকেত দেখা গিয়েছে।
এই ধস কেবল ভারতেই সীমাবদ্ধ নয়; জাপানের নিক্কেই (৩.৩%) এবং দক্ষিণ কোরিয়ার কোসপি-ও (৪.৬%) মুখ থুবড়ে পড়েছে। একদিকে যখন শেয়ার বাজারে রক্তক্ষরণ চলছে, তখন অন্যদিকে তেলের দাম আকাশ ছুঁয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১১২.৯৪ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ১৯৭০-এর দশকের বিশ্ব তেল সঙ্কটের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। একইসঙ্গে পাল্লা দিয়ে পড়েছে সোনা ও রুপোর দামও, যা লগ্নিকারীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।