মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে পুড়ছে বাজার, টানা ৯ দিন ধরে অব্যাহত সোনার দরপতন; গয়না কেনার এটাই কি সেরা সময়?

সপ্তাহের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য বড় চমক নিয়ে এল সোনা এবং রুপোর বাজার। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দুই মূল্যবান ধাতুর দামেই কার্যত ধস নেমেছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা, অপরিশোধিত তেলের চড়া দাম এবং বিশ্ববাজারে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা ও রুপো থেকে মুখ ফেরাতে শুরু করেছেন। আর তার জেরেই এদিন এমসিএক্স-এ প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭,১১৫ টাকা কমে দাঁড়িয়েছে ১,৩৭,৩৭৭ টাকায়। রুপোর ক্ষেত্রে এই পতন আরও মারাত্মক; কেজি প্রতি দাম এক লপ্তে ১৩,৬০৬ টাকা কমে হয়েছে ২,১৩,১৬৬ টাকা।
আন্তর্জাতিক বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে, সেখানেও সোনার দাম প্রায় ২.৫ শতাংশ কমে আউন্স প্রতি ৪,৩৭২ ডলারে নেমে এসেছে। টানা নয় দিন ধরে সোনার দাম নিম্নমুখী এবং গত এক সপ্তাহেই প্রায় ১০ শতাংশ দরপতন হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং আমেরিকা-ইরান সংঘাতের ছায়া এখন সরাসরি পড়ছে বুলিয়ন মার্কেটে। সেই কারণেই বাজারে চরম অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, বড় বিনিয়োগ করার আগে লগ্নিকারীদের পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
দেশের বিভিন্ন বড় শহরেও সোনার দামে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম এখন ১,২৯,৮৮৮ টাকা, যেখানে মুম্বই এবং হায়দরাবাদে তা ১,১৬,৭৬৮ টাকায় ঘোরাফেরা করছে। চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ১,১৮,৮৫৬ টাকা। খুচরো বাজারে ২২ ক্যারেট গয়না সোনার দামও আগের তুলনায় অনেকটা কমেছে, যা সাধারণ মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তির খবর। তবে আগামিকাল দাম বাড়বে না কমবে, তা এখন সম্পূর্ণ নির্ভর করছে বিশ্ব রাজনীতির সমীকরণের ওপর।