আকাশজুড়ে পশ্চিমী ঝঞ্ঝার মেলা! থামবে না বৃষ্টি, উত্তর ভারত থেকে বাংলায় জারি চরম সতর্কতা

চৈত্রের শুরুতে একি দশা আকাশের! আপাতত রোদ ঝলমলে আকাশ দেখার আশা নেই বললেই চলে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) ধেয়ে আসছে ভারতের মূল ভূখণ্ডের দিকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ভারত থেকে পূর্ব ভারত—সবত্রই আপাতত চলবে বৃষ্টির দাপট। যদিও এই ঝঞ্ঝাগুলো আগের তুলনায় কিছুটা দুর্বল, তবুও তাদের ক্রমাগত আনাগোনার ফলে আবহাওয়ায় চরম অস্থিরতা তৈরি হয়েছে। সারাদিন মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে নাজেহাল হতে পারে জনজীবন।

আজ, সোমবার (২৩ মার্চ) দিল্লি-এনসিআর, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর রাজস্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমালয় সংলগ্ন কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে হতে পারে হালকা তুষারপাত। সমতলে হালকা বৃষ্টি হলেও পাহাড়ি এলাকায় তাপমাত্রা একধাক্কায় অনেকটা নামার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও ২৬ মার্চ থেকে আবার নতুন করে ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর ভারতে। ফলে এই দোলাচল চলবে সপ্তাহজুড়েই।

বাংলার আকাশেও মেঘের ঘনঘটা। গতকালের অরেঞ্জ অ্যালার্টের পর সোমবারও রাজ্যে হলুদ সতর্কতা জারি রেখেছে আইএমডি (IMD)। কলকাতা-সহ পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। তবে স্বস্তির খবর এই যে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। আপাতত বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই না মিললেও, রবিবারের তুলনায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে বলেই মনে করছেন আবহবিদরা।