“২৮ লক্ষ ভোটারের ভাগ্যবদল আজই!”-জেনেনিন কখন, কোথায় দেখা যাবে নতুন তালিকা?

অপেক্ষার অবসান। অবশেষে সোমবারই প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। ২৮ ফেব্রুয়ারির পর থেকে রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা ‘অ্যাডজুডিকেশন’ অবস্থায় ছিল। তাঁদের মধ্য থেকেই প্রাথমিক পর্যায়ে প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ।

কখন প্রকাশিত হবে এই তালিকা?

নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৭টার আগে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সোমবার সন্ধ্যার দিকেই চূড়ান্ত প্রস্তুতির পর এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ্যে আনা হবে।

অনলাইনে কি দেখা যাবে নাম?

ভোটারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো— কমিশন প্রাথমিক ভাবে এই ফাইল অনলাইনে আপলোড নাও করতে পারে। চূড়ান্ত ভোটার তালিকার মতোই এই সাপ্লিমেন্টারি লিস্ট জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে প্রতিটি বুথে বুথে পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষ সরাসরি বুথে গিয়েই তালিকায় তাঁদের নাম রয়েছে কি না, তা যাচাই করতে পারবেন। তবে পরবর্তীতে কমিশনের পোর্টালে এই তালিকা আপলোড করার পরিকল্পনা রয়েছে।

কীভাবে চলছে নামের নিষ্পত্তি?

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে কমিশন। সূত্রে খবর:

  • প্রতিদিন প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি করা হচ্ছে।

  • এখন পর্যন্ত প্রায় ২৮ লক্ষ ভোটারের নথিপত্র খতিয়ে দেখা সম্পন্ন হয়েছে।

  • এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে রাজ্যে প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে।

  • যারা এই তালিকায় জায়গা পাচ্ছেন না, তাঁদের চিন্তার কারণ নেই; প্রতি সপ্তাহে একটি করে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসকদের (DM) সতর্ক করা হয়েছে।