বদল বদলে গেল রণকৌশল! সোমবারই কলকাতায় বিজেপির নতুন ‘বস’ নিতিন নবীন, শাহ-মোদিদের নিয়ে বড় ছক!

বঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই তুঙ্গে রাজনৈতিক পারদ। একদিকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে ময়দানে নেমে পড়েছে, তখন প্রার্থী অসন্তোষ ও বাকি আসনগুলোর নাম চূড়ান্ত করতে বিশেষ তৎপরতা শুরু করল বিজেপি। এই পরিস্থিতিতে সোমবারই রাজ্যে পা রাখছেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে বিজেপির রাজ্য কোর কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তিনি।
সূত্রের খবর, এই বৈঠকের মূল লক্ষ্য হলো প্রার্থী তালিকা নিয়ে চলা অভ্যন্তরীণ কোন্দল মেটানো এবং বাকি আসনগুলোর জন্য যোগ্য নাম চূড়ান্ত করা। এছাড়া দলের হেভিওয়েট প্রচারকদের সূচি নিয়েও চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন নিতিন। জানা যাচ্ছে, রামনবমীর পর বাংলায় ঝোড়ো প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যে মোট ১৪টি জনসভা ও রোড-শো করতে পারেন। বাদ যাচ্ছেন না অমিত শাহও; তাঁর ঝুলিতে থাকছে ৮টি সভা। এছাড়া জেপি নাড্ডা এবং খোদ নিতিন নবীনও একাধিক জনসভা করবেন। ১০টি মেগা রোড-শো করার কথা রয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তীর।
আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গে সভা করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। আসানসোল বা নদিয়াতে তাঁর বিশেষ জনসভার পরিকল্পনা করা হচ্ছে। বিজেপির রণকৌশল অনুযায়ী, কোন হেভিওয়েট নেতা কোন প্রার্থীর হয়ে প্রচার করবেন, তা নির্দিষ্ট করে দেবেন সর্বভারতীয় সভাপতি। উল্লেখ্য, এবার বাংলায় ভোট হচ্ছে মাত্র দুই দফায়—২৩ ও ২৯ এপ্রিল। ৪ মে ফলাফল ঘোষণা। হাতে সময় কম থাকায় নিতিন নবীনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে মমতা-অভিষেকের জনজোয়ার, অন্যদিকে মোদি-শাহদের পাল্টা চ্যালেঞ্জ—সব মিলিয়ে ভোটের লড়াই এখন কার্যত চরমে।