৩১ মার্চের মধ্যে এই কাজটি না করলেই বন্ধ হবে রেশন! মোদি সরকারের কড়া নির্দেশ, আপনার কার্ড কি সুরক্ষিত?

রেশন কার্ড গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! আপনি কি প্রতি মাসে বিনামূল্যে সরকারি রেশন পান? তাহলে আগামী ৩১ মার্চের মধ্যে আপনার রেশন কার্ডের E-KYC প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা KYC সম্পন্ন করবেন না, তাঁদের রেশন কার্ডটি ‘ভুয়ো’ বলে গণ্য করা হতে পারে এবং আগামী মাস থেকেই বন্ধ হয়ে যেতে পারে খাদ্যশস্য বরাদ্দ।
গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং আসল গ্রাহকরাই যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি তথ্য বলছে, বর্তমানে দেশে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ জাল রেশন কার্ড রয়েছে। এই বিপুল সংখ্যক অযোগ্য গ্রাহককে তালিকা থেকে বাদ দিতে পারলে সরকারের প্রায় ৪,৩৭৮ কোটি টাকা সাশ্রয় হবে। এই অর্থ যাতে প্রকৃত অভাবী মানুষের কাজে লাগে, সেই লক্ষ্যেই ১০০ শতাংশ KYC সম্পন্ন করার টার্গেট নিয়েছে কেন্দ্র।
বর্তমানে দেশের প্রায় ৬৯ কোটি ৭০ লক্ষ গ্রাহক বা ৮৭ শতাংশ মানুষের KYC সম্পন্ন হয়েছে। বাকি ১৩ শতাংশের কাজ দ্রুত শেষ করতে রেশন ডিলারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আপনার যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না থাকে বা আঙুলের ছাপ (Biometric) যাচাই করা না থাকে, তবে অবিলম্বে রেশন দোকানে গিয়ে এই কাজ সারুন। KYC সম্পন্ন হলে রেশন তোলার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস আসবে, ফলে আপনার রেশন অন্য কেউ তুলে নেওয়ার ভয় থাকবে না।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মাসে জনপ্রতি ৫ কেজি চাল-গম এবং ডাল বিনামূল্যে দেওয়া হয়। এই সুবিধা বজায় রাখতে হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। ৩১ মার্চের আগেই ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার ও মোবাইল নম্বর সংযুক্তিকরণ সেরে ফেলুন।