ছুটি পেলেই চার্টার্ড ফ্লাইটে লন্ডন? ভাইরাল খবর দেখে অট্টহাসি বিরাট কোহলির!

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) খেতাব ধরে রাখতে মরিয়া। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক জল্পনায় তোলপাড় নেটপাড়া। শোনা যাচ্ছিল, আইপিএল চলাকালীন ম্যাচের মাঝে তিন দিনের বেশি বিরতি পেলেই নাকি লন্ডন উড়ে যেতে চান বিরাট কোহলি। শুধু তাই নয়, এই যাতায়াতের জন্য তিনি আরসিবি ম্যানেজমেন্টের কাছে বিশেষ ‘চার্টার্ড ফ্লাইট’-এর দাবি জানিয়েছেন—এমনই এক খবর ছড়িয়ে পড়েছিল একটি সংবাদমাধ্যমে।

তবে এই ভাইরাল খবরটি খোদ বিরাটের নজরে আসতেই তিনি মেজাজ না হারিয়ে বরং মজার ছলে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবরের নিচে একটি ‘হাসির ইমোজি’ পোস্ট করে বিরাট বুঝিয়ে দিয়েছেন, এসবই ভিত্তিহীন গুজব। বর্তমানে লন্ডনে পরিবারের সঙ্গে বছরের অনেকটা সময় কাটালেও, খেলার মাঝে এভাবে যাতায়াতের কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি এখন পুরোপুরি আইপিএল-এর প্রস্তুতিতে মগ্ন।

উল্লেখ্য, আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬-এর মহাযুদ্ধ। উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি। সেই লক্ষ্যেই চিন্নাস্বামীতে নেটে ঘাম ঝরাচ্ছেন কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোহলিকে মাঝেমধ্যেই লন্ডনের রাস্তায় সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে দেখা যায়। কয়েক দিন আগেও লন্ডনে ছেলে অকায়ের হাত ধরে হাঁটার ছবি ভাইরাল হয়েছিল। তবে ব্যক্তিগত জীবন আর পেশাদার ক্রিকেটের মধ্যে যে তিনি লক্ষ্মণরেখা টানতে জানেন, তা আরও একবার প্রমাণ করলেন কোহলি। গুজবকে গুরুত্ব না দিয়ে তাঁর লক্ষ্য এখন শুধুই আরসিবি-র ট্রফি ক্যাবিনেটে দ্বিতীয় আইপিএল খেতাব আনা।