২৫ কোটির গ্রিন-ঝড় ইডেনে! প্র্যাক্টিসে সতীর্থের স্টাম্প উড়িয়ে দিলেন কেকেআরের সবচেয়ে দামি বিদেশি!

কলকাতা নাইট রাইডার্সের (KKR) ইতিহাসে তো বটেই, আইপিএলের নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু তাঁকে ঘিরে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তার মেঘ জমেছিল নাইট শিবিরে। চোটের কারণে অস্ট্রেলীয় এই অলরাউন্ডার বল করতে পারবেন কি না, তা নিয়ে ছিল ঘোর সংশয়। তবে রবিবার ইডেন গার্ডেন্সে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অজি মহাতারকা। শুধু বল হাতে দৌড় শুরু করাই নয়, নেটে সতীর্থের স্টাম্প ছিটকে দিয়ে নিজের উপস্থিতির জানান দিলেন গ্রিন।
গত নিলামে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় গ্রিনকে দলে নিয়ে চমক দিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থ (২৭ কোটি) এবং শ্রেয়স আইয়ারের (২৬.৭৫ কোটি) পর তিনিই তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার, তবে বিদেশিদের তালিকায় তিনি সবার উপরে। আন্দ্রে রাসেলের মতো কিংবদন্তি অলরাউন্ডারের বিকল্প হিসেবেই তাঁকে দেখা হচ্ছে। উল্লেখ্য, ‘মাসল রাসেল’ এবার আইপিএল থেকে অবসর নিয়ে নাইটদের পাওয়ার হিটিং কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রাসেলের সেই বিশাল শূন্যস্থান পূরণের গুরুদায়িত্ব এখন গ্রিনের কাঁধে।
রবিবার ইডেনে প্রায় আধঘণ্টা পূর্ণ শক্তিতে বোলিং করেন গ্রিন। অনুশীলনের এক পর্যায়ে তাঁর গতির কাছে পরাস্ত হন কেকেআরের তরুণ তুর্কি অঙ্গকৃষ রঘুবংশী। গ্রিনের বিষাক্ত ডেলিভারিতে অঙ্গকৃষের স্টাম্প ছিটকে যেতেই উল্লাসে ফেটে পড়ে নাইট ম্যানেজমেন্ট। ফিটনেস নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এদিনের পারফরম্যান্সের পর তা কার্যত উবে গিয়েছে।
আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে কেকেআর। সেই হাইভোল্টেজ ম্যাচে গ্রিনকে শুধু ব্যাটার হিসেবে নয়, বরং পূর্ণ অলরাউন্ডার হিসেবেই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ইডেনের নেটে গ্রিনের এই বিধ্বংসী মেজাজ দেখে কেকেআর ভক্তরা এখন থেকেই ‘সবুজ বিপ্লবে’র স্বপ্ন দেখতে শুরু করেছেন।