SIR-র সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কবে? সময় জানিয়ে দিল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR প্রক্রিয়া নিয়ে জল্পনার অবসান। আজ, সোমবার বিকেলেই প্রকাশিত হতে চলেছে প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই প্রথম দফায় প্রায় ২৮ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
তালিকায় কার নাম থাকবে, কার বাদ যাবে? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সোমবারের তালিকায় মূলত দুটি ভাগ থাকবে:
-
প্রথম অংশ: যাচাই শেষে যারা ভোটার হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।
-
দ্বিতীয় অংশ: যাদের নথি বা তথ্যে অসঙ্গতি থাকায় নাম বাদ (Deleted) দেওয়া হয়েছে।
যাঁদের নথিপত্র সংক্রান্ত আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে, শুধুমাত্র তাঁদের নামই এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে দেখা যাবে। বাকিদের জন্য আগামী শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ ট্রাইবুনাল যাঁদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য তৈরি হয়েছে বিশেষ ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যে ৭০০-র বেশি বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারক নিয়োগ করেছেন। প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। কমিশন আশা করছে, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিচারাধীন’ ভোটারের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে।
নবান্নের কড়া সতর্কতা ও নিরাপত্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে নবান্নের তরফে প্রতিটি জেলার জেলাশাসককে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। এমনকি, যে বিচারকরা এই সংবেদনশীল যাচাই প্রক্রিয়ার দায়িত্বে আছেন, তাঁদের নিরাপত্তা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
এক নজরে SIR আপডেট:
-
মোট বিচারাধীন নাম: ৬০ লক্ষের বেশি।
-
নিষ্পত্তি হয়েছে: শুক্রবার পর্যন্ত প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার।
-
পরবর্তী তালিকা: প্রতি সপ্তাহের শুক্রবার করে নতুন অতিরিক্ত তালিকা প্রকাশের পরিকল্পনা।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ২০২৬-এর মেগা লড়াইয়ের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।