ভবানীপুরে মোদী-ঝড়! শুভেন্দুর সহায়তায় এবার কি মমতার গড়ে পদ্ম ফুটবে?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার সবচেয়ে আলোচিত ‘হটসিট’ ভবানীপুর। আর এই হাই-ভোল্টেজ কেন্দ্রেই এবার প্রচারের শেষ লগ্নে ঝড় তুলতে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, বিরোধী দলনেতা তথা ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে আগামী ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে যে কোনো একদিন কলকাতায় মেগা রোড-শো করতে পারেন মোদী।
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম যেভাবে রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠেছিল, এবার ঠিক সেই গুরুত্বই দেওয়া হচ্ছে ভবানীপুরকে। শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি ইতিমধ্যেই মাস্টারস্ট্রোক দিয়েছে। এবার খোদ প্রধানমন্ত্রীর উপস্থিতি সেই লড়াইকে অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। জানা গিয়েছে, ২৯ এপ্রিল কলকাতায় শেষ দফার ভোটগ্রহণ। তার ঠিক আগেই মোদীকে দিয়ে প্রচার করিয়ে ভোটারদের মন জয় করতে চাইছে গেরুয়া শিবির।
বিজেপি নেতৃত্বের বিশেষ নজর রয়েছে কালীঘাট অঞ্চলের ওপর। রাজ্য বিজেপি চাইছে প্রধানমন্ত্রীর রোড-শো যেন কালীঘাটের ওপর দিয়ে যায়। তবে এই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) এবং এসপিজি (SPG) নিরাপত্তার ওপর। নিরাপত্তা আধিকারিকরা সবুজ সংকেত দিলেই চূড়ান্ত রুট ম্যাপ তৈরি হবে।
ইতিমধ্যেই ভবানীপুর জুড়ে মোদী-শুভেন্দুর পোস্টার ও ব্যানার পড়তে শুরু করেছে। প্রত্যক্ষ প্রচারের পাশাপাশি পরোক্ষভাবেও মোদীর ভাবমূর্তিকে হাতিয়ার করছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ থেকে তাঁর প্রচার শুরু করেছেন। রবিবার কর্মিসভার মাধ্যমে তিনি পাল্টা লড়াইয়ের ডাক দিয়েছেন। সব মিলিয়ে, আগামী কয়েকদিন ভবানীপুরের রাজনৈতিক উত্তাপ যে চরম সীমায় থাকবে, তা বলাই বাহুল্য। ৪ মে ফলাফল ঘোষণার আগে পর্যন্ত এই ‘মমতা বনাম শুভেন্দু’ দ্বৈরথই এখন বাংলার প্রধান আকর্ষণ।