হ্যান্ডবলের মহারণে বাজিমাত! উত্তর ২৪ পরগনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট কলকাতা, মেয়েদের সেরা সেন্ট্রাল

বাংলার ক্রীড়ামঞ্চে ফের দাপট দেখাল কলকাতা। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের মাঠে আয়োজিত ২১তম সিনিয়র স্টেট হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে (State Handball Championship) প্রত্যাশামতোই চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখল সেন্ট্রাল কলকাতার মহিলা দল এবং ওয়েস্ট কলকাতার পুরুষ দল। টানটান উত্তেজনার ফাইনালে জেলা দলগুলোকে কার্যত টেক্কা দিয়ে মাঠ ছাড়লেন কলকাতার খেলোয়াড়রা।

পুরুষদের বিভাগে লড়াই ছিল চোখে পড়ার মতো। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট কলকাতা বনাম উত্তর ২৪ পরগনার হাই-ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসল কলকাতা। ২৮-২৫ গোলে উত্তর ২৪ পরগনাকে হারিয়ে খেতাব ধরে রাখল তারা। এই বিভাগে তৃতীয় ও চতুর্থ স্থানে শেষ করেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। অন্যদিকে, মহিলাদের ফাইনালে জলপাইগুড়িকে ২০-১১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল কলকাতা। মেয়েদের লড়াইয়ে ওয়েস্ট কলকাতা ও নদীয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন সেন্ট্রাল কলকাতার মৌমিতা রায়, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য ছিলেন বীথিকা রাভা। পুরুষদের বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন তরুণ মাহাতো এবং সেরা গোলকিপার দেবাশীষ কর্মকার। রাজ্য হ্যান্ডবল সংস্থার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জিয়ারুল রহমান মন্ডল জানিয়েছেন, বর্তমান সময়ে সেনাবাহিনী, সিআইএসএফ, বিএসএফ এবং পুলিশের মতো বিভাগে হ্যান্ডবল খেলোয়াড়দের জন্য প্রচুর চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সাফল্যের হার আরও বেশি। এই টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতেই উত্তরপ্রদেশের বারেলিতে হতে চলা জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য ১৪ সদস্যের বাংলা দল নির্বাচন করা হবে।