অসমে মমতার বড় চাল! ৫-এ ৫-১ লক্ষ্য নিয়ে ঘাসফুল শিবিরের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ

অসম বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর এবার উত্তর-পূর্বের এই গুরুত্বপূর্ণ রাজ্যে ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আরও সাতজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার প্রথম দফায় ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছিল, যার ফলে এখন পর্যন্ত রাজ্যে মোট ২৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করল এআইটিসি।
তবে প্রার্থী তালিকা প্রকাশের মাঝেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রথম তালিকায় থাকা ২৭ নম্বর চামারিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রহস্যজনকভাবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই কিছুটা অস্বস্তিতে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, বিজেপি শাসিত অসমে ৫-১টি আসনে প্রার্থী দেওয়ার যে লক্ষ্য তৃণমূল নিয়েছে, সেখানে এই ধরণের নাম প্রত্যাহার রণকৌশলে প্রভাব ফেলতে পারে।
রবিবার ঘোষিত তালিকায় রয়েছেন— মান্ডিয়া থেকে শেরমান আলি আহমেদ, হাজো-সুয়ালকুচি (এসসি) থেকে রোজি আহমেদ (ফুনু দাস), গুয়াহাটি সেন্ট্রাল থেকে অভিজিৎ মজুমদার, চাবুয়া-লাহওয়াল থেকে ইনুস কুমার কান্দাপান, মারিয়ানি থেকে পরেশ বোড়া, করিমগঞ্জ উত্তর থেকে পরিমল রঞ্জন রায় এবং করিমগঞ্জ দক্ষিণ থেকে আজিজ আহমেদ খান (রানু খান)। অসমে বসবাসকারী বাঙালি ভোটারদের পাশাপাশি সব স্তরের মানুষের মন জয় করতে ইতিমধ্যেই ১৮ জন হেভিওয়েট তারকা প্রচারকের তালিকাও তৈরি করা হয়েছে। আগামী ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে অসমে এবং ফলাফল জানা যাবে ৪ মে। বর্তমান রাজনৈতিক সমীকরণে যেখানে বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে তৃণমূল ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে কি না, সেটাই এখন দেখার।