বাথরুমে নয়, কাপড়ে মুড়ে রাখা হলো মেঝেতে! ব্রিটিশ বিমানে বৃদ্ধার মৃত্যুতে চরম আতঙ্ক

মাঝ আকাশে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন ব্রিটিশ এয়ারওয়েজের (British Airways) যাত্রীরা। হংকং থেকে লন্ডনগামী BA32 ফ্লাইটে উড্ডয়নের মাত্র এক ঘণ্টা পরই মৃত্যু হয় ষাটোর্ধ্ব এক নারী যাত্রীর। কিন্তু শিউরে ওঠার মতো বিষয় হলো, ওই মৃতদেহ সঙ্গেই নিয়েই আরও সাড়ে ১৩ ঘণ্টা উড়ল বিমানটি। হিথরো বিমানবন্দরে অবতরণ করার আগে পর্যন্ত দীর্ঘ সময় বিমানেই পড়ে রইল ওই যাত্রীর নিথর দেহ।
সূত্রের খবর, হংকং থেকে বিমানটি ওড়ার কিছু পরেই ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত তাঁর মৃত্যু হয়। এয়ারবাস A350-1000 মডেলের ওই বিশাল বিমানে তখন কয়েকশ যাত্রী। মাঝ আকাশে এমন পরিস্থিতিতে কেবিন ক্রুরা প্রথমে দেহটি ল্যাভাটরিতে রাখার কথা ভাবলেও পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়। শেষ পর্যন্ত দেহটি কাপড়ে মুড়ে বিমানের পেছনের গ্যালিতে (যেখানে খাবার ও সরঞ্জাম রাখা হয়) স্থানান্তর করা হয়। যাত্রীদের দাবি, গ্যালির মেঝের উষ্ণতা ও লাশের সান্নিধ্য পুরো যাত্রাপথকে বিভীষিকাময় করে তুলেছিল।
আশ্চর্যের বিষয় হলো, মাঝপথে বিমানটি অন্য কোথাও অবতরণ না করিয়ে পাইলটরা সরাসরি লন্ডনের দিকেই উড়ান অব্যাহত রাখেন। নিয়ম অনুযায়ী, মাঝ আকাশে মৃত্যু হলে সেটিকে ‘মেডিকেল এমার্জেন্সি’ হিসেবে গণ্য করা হয় না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার পর পুলিশ ও চিকিৎসকরা দেহটি উদ্ধার করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ, তবে দীর্ঘ সময় মৃতদেহের সঙ্গে কাটাতে বাধ্য হওয়ায় ক্ষোভ ও আতঙ্কে ফেটে পড়েছেন সহযাত্রীরা।