‘মিশন বেঙ্গল’ হাতে নিয়ে ফের বাংলায় মোদী! ২৬ মার্চ কি আসানসোল না কি নদিয়া? কাঁপছে দক্ষিণবঙ্গ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে যেতেই বাংলা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নামছে পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, আগামী ২৬ মার্চ ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে আসানসোল অথবা নদিয়া—যেকোনো একটি হেভিওয়েট কেন্দ্রে সভা করবেন তিনি। বিহারে এনডিএ-র জয়ের পর মোদীর মুখে এখন একটাই স্লোগান, “গঙ্গা বিহার হয়ে বাংলায় পৌঁছয়, এবার বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবে বিজেপি।”

বিজেপির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এবারের নির্বাচন প্রচারে ঝড় তুলতে খোদ প্রধানমন্ত্রী রামনবমীর পর রাজ্যে ১৪টি জনসভা ও রোড শো করবেন। পিছিয়ে নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও, তিনিও ৮টি বড় মাপের কর্মসূচি নিয়ে ময়দানে নামছেন। এছাড়া জেপি নাড্ডা ৬টি এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী ১০টি রোড শো করে বাংলার অলিতে-গলিতে গেরুয়া হাওয়া বইয়ে দিতে প্রস্তুত। ২০২৫-এ ৫ বার রাজ্যে এলেও, গত ১৪ মার্চ ব্রিগেডের সভা থেকে তৃণমূল সরকারের ‘কাউন্টডাউন’ শুরু করে দিয়েছেন মোদী।

পাল্টা জবাব দিতে তৈরি তৃণমূল শিবিরও। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। বিজেপি ও বাম-কংগ্রেস যখন ধাপে ধাপে তালিকা দিচ্ছে, জোড়াফুল শিবির তখন ইদের পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক প্রচার শুরু করতে চলেছে। ভোট ঘোষণার পর থেকেই একদিকে মোদীর ‘মিশন পশ্চিমবঙ্গ’ আর অন্যদিকে দিদির ‘গড় রক্ষা’—এই দুইয়ের লড়াইয়ে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।