ঝাড়খণ্ড সীমান্তে ১৯টি নাকা চেকিং, ২১ কোম্পানি বাহিনী: অনুব্রত-কাজলের গড়ে ‘অপারেশন ক্লিন’ শুরু সূর্যের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তপ্ত বীরভূম। আগামী ২৩ এপ্রিল এই জেলায় ভোটগ্রহণ। আর তার আগেই বীরভূমের কুখ্যাত ‘ছাপ্পা ভোট’ ও ‘বুথ জ্যাম’ সংস্কৃতি নির্মূল করতে কোমর বেঁধে ময়দানে নামলেন জেলার নতুন পুলিশ সুপার (SP) সূর্যপ্রতাপ যাদব। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট করে দিয়েছেন, এবার বীরভূমে কোনও ‘দাদাগিরি’ চলবে না, মানুষ নিজের ভোট নিজেই দেবেন।

রবিবার বোলপুর এসডিপিও অফিসে একটি হাই-ভোল্টেজ সাংবাদিক বৈঠক করেন আইপিএস সূর্যপ্রতাপ যাদব। তিনি জানান, নির্বাচন কমিশনের কড়া নির্দেশ রয়েছে—শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। বীরভূমের নির্বাচনের ইতিহাসে বারবার ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের প্রবেশের অভিযোগ ওঠে। সেই পথ বন্ধ করতে দুমকা, পাকুড় এবং জামতারা জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে ১৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৪ ঘণ্টা নাকা চেকিং শুরু হয়েছে।

বীরভূমে ইতিমধ্যেই ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর ও অতি-স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করার কাজ চলছে দ্রুত গতিতে। নতুন এসপি-র হুঁশিয়ারি, “আগেও মুর্শিদাবাদে চ্যালেঞ্জ নিয়ে শান্তিপূর্ণ ভোট করিয়েছি। বোলপুরে এসডিপিও হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যৌথভাবে বীরভূমে এবার ছাপ্পাহীন ভোট হবেই।” অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গড়ে পুলিশের এই অতি-সক্রিয়তা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।